গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের (মানবিক ও সামাজিক বিজ্ঞান) ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। এবার পরীক্ষায় পাসের হার ৬০ শতাংশ। সর্বোচ্চ ৮১.৫ নম্বর অর্জন করে প্রথম স্থান পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্র থেকে পরীক্ষা দেওয়া মিজানুর রহমান। সোমবার দুপুরে ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক মনজুরুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।
ফলাফলের পরিসংখ্যান অনুসারে, ‘বি’ ইউনিটে মোট ৯৩ হাজার ১০২ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। এর মধ্যে ৮২ শতাংশ বা ৭৬ হাজার ৭৫৫ জন পরীক্ষায় অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে ৩০-এর ওপর নম্বর পেয়ে ৬০.৫০ শতাংশ বা ৪৬ হাজার ৬৩০ জন উত্তীর্ণ হয়েছেন। অন্যদিকে, ৩০-এর নিচে নম্বর পেয়ে ৩৯ শতাংশ বা ৩০ হাজার ৮৯ জন অকৃতকার্য হয়েছেন।
ফলাফলে দেখা যায়, সর্বোচ্চ ৮১.৫ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেওয়া মিজানুর রহমান। এবার সর্বনিম্ন প্রাপ্ত নম্বর মাইনাস ১৬.২৫। এছাড়া রোল নম্বর ও পরিচয়পত্র ভরাট–সংক্রান্ত ভুলের কারণে ৩৬ জন শিক্ষার্থীর খাতা বাতিল করা হয়েছে।
ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা গুচ্ছভুক্ত পরীক্ষার অফিশিয়াল ওয়েবসাইট থেকে নিজেদের ফলাফল দেখতে পারবেন। যোগ্য প্রার্থীরা পরবর্তী সময়ে নির্ধারিত প্রক্রিয়ায় বিভাগ ও বিশ্ববিদ্যালয় পছন্দক্রম পূরণ করবেন।
ফলাফল-সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার দুই ইউনিট সম্পন্ন হয়েছে। বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। পরবর্তী পরীক্ষাও (এ ইউনিট) সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারব বলে আশাবাদী।”






