ভারতে একটি পরিবার বিয়ের যাত্রী যেতে ট্রেনের পুরো একটি বগি ভাড়া করে সবাই মিলে হইচই করে বিয়ে বাড়ির উদ্দেশে রওনা দিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। অনেকে তাদের এই উদ্যোগের প্রশংসা করলেও কেউ কেউ সমালোচনা থেকে বিরত হয়নি।
ভিডিওতে দেখা যায়, বরযাত্রীদের একজন বগির নম্বরপ্লেটে মালা ঝুলিয়ে দিচ্ছেন। অতিথিদের স্বাগত জানানোর জন্য বগির গায়ে একটি পোস্টারও ঝুলানো হয়েছে। এরপর বগির ভিতর পুরো পরিবার—ছেলে থেকে বুড়ো সবাই গানের তালে নাচতে নাচতে আনন্দ করছে।
একটি অংশে হবু কনেকে কেক কাটতে দেখা যায়। তাঁর চারপাশে ঘিরে থাকা পরিবারের সবাই তালি দিয়ে হাসছে এবং ছবি তুলছে। আরেকটি অংশে বগির মধ্যে একজন উপহার বিতরণ করছেন। এত কিছুর মধ্যেও টিকিট কালেক্টর তাঁর দায়িত্ব ভুলে যাননি। হইহই করা বরযাত্রীভর্তি বগিতে তাঁকে হাসিমুখে কাজ করতে দেখা গেছে।
ইন্ডিয়ান রেলওয়ে অ্যাকাউন্টস সার্ভিসের কর্মকর্তা অনন্ত রূপনাগুড়ি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই ‘চলন্ত বারাত’-এর ভিডিও পোস্ট করেন। পোস্টের শিরোনামে তিনি লিখেছেন, “যখন একটি মারোয়াড়ি বরযাত্রী দল ট্রেনের পুরো বগি ভাড়া করে।”
যদিও ঘটনার সঠিক স্থান বা তারিখ উল্লেখ করা হয়নি। ভিডিওটি অনলাইনে দর্শকদের দুই ভাগে ভাগ করে দিয়েছে। অনেকে পরিবারসহ বিয়ের অনুষ্ঠান উদযাপনের এই অনন্য উপায়ের প্রশংসা করেছেন। একজন লিখেছেন, “বিয়ের অনুষ্ঠানের জন্য বর্ধিত পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে ভ্রমণ নিশ্চয়ই দারুণ আনন্দের।”
তবে কেউ কেউ সামাজিক শিষ্টাচার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁরা প্রশ্ন তুলেছেন, পুরো বগি ভাড়া করা হলেও এভাবে উচ্চস্বরে উদযাপন ঠিক কি না।






