গুগল তার কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) ভিডিও তৈরির প্ল্যাটফর্ম গুগল ভিডসে লেখা থেকে ভিডিও তৈরির সুবিধা সবার জন্য উন্মুক্ত করেছে। এছাড়া কাস্টম মিউজিক তৈরির টুল এবং এআই অ্যাভাটার যুক্ত করা হয়েছে। আগে টেক্সট-টু-ভিডিও সুবিধাটি শুধু অর্থের বিনিময়ে নিবন্ধিত গ্রাহকদের জন্য ছিল, কিন্তু এখন সাধারণ গুগল অ্যাকাউন্টধারীরাও নির্দিষ্ট সীমায় এটি ব্যবহার করতে পারবেন।

গুগলের তথ্যমতে, বিনামূল্যে গুগল ভিডস ব্যবহারকারীরা এখন লেখা থেকে সর্বোচ্চ ৮ সেকেন্ডের ভিডিও তৈরি করতে পারবেন। প্রতি মাসে সর্বোচ্চ ১০টি ভিডিও তৈরির সুযোগ পাবেন তারা। চাইলে তাঁরা গুগলের সর্বশেষ ভিডিও জেনারেশন মডেল ‘ভিও ৩.১’ ব্যবহার করে সাধারণ চিন্তাভাবনাকে ভিডিওয়ে রূপান্তর করতে পারবেন।

ভিডিওতে পছন্দমতো গান যুক্ত করতে চাইলে গুগল ভিডসে ‘লিরিয়া ৩’ এবং ‘লিরিয়া ৩ প্রো’ মডেল যুক্ত হয়েছে। এতে গুগল এআই প্রো এবং আলট্রা ব্যবহারকারীরা ৩০ সেকেন্ড থেকে শুরু করে সর্বোচ্চ ৩ মিনিটের গান তৈরি করতে পারবেন। তবে বিনামূল্যে ব্যবহারকারীরা এ সুবিধা পাবেন না।

নতুন এআই অ্যাভাটার সুবিধায় ব্যবহারকারীরা ভার্চুয়াল সঞ্চালকের এআই অ্যাভাটার তৈরি করতে পারবেন। এসব অ্যাভাটারের মুখচ্ছবি ও কণ্ঠ একই থাকবে, যাতে বিভিন্ন ভিডিওতে ধারাবাহিকতা বজায় থাকে। নির্দিষ্ট দৃশ্যে অ্যাভাটার স্থাপন, আপলোডকৃত অবজেক্টের সঙ্গে মিথস্ক্রিয়া, পোশাক পরিবর্তন এবং ব্যাকগ্রাউন্ড বদলানোর নিয়ন্ত্রণ ব্যবহারকারীর হাতে থাকবে। তবে এটি প্রাথমিকভাবে শুধু অর্থের বিনিময়ে গুগল এআই প্রো এবং আলট্রা ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত।

ভিডিও তৈরি ও শেয়ার সহজ করতে গুগল ‘স্ক্রিন রেকর্ডার ক্রোম এক্সটেনশন’ টুল যুক্ত করেছে, যার মাধ্যমে সহজে স্ক্রিন রেকর্ড করা যাবে। এছাড়া গুগল ভিডস থেকে সরাসরি ইউটিউবে ভিডিও আপলোডের সুবিধা মিলবে, ফলে ডাউনলোডের ঝক্কি কমবে।

সূত্র: ইন্ডিয়া টুডে