গুগল তাদের ওপেনসোর্সভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলের নতুন সংস্করণ ‘জেমা ৪’ প্রকাশ করেছে। এই মডেলটি স্মার্টফোনের মতো ছোট ডিভাইস থেকে শুরু করে উচ্চক্ষমতাসম্পন্ন ওয়ার্কস্টেশনেও কার্যকরভাবে চালানো যাবে বলে দাবি করেছে কোম্পানি। গুগলের তথ্যমতে, জেমিনি ৩ মডেলের প্রযুক্তির ভিত্তিতে তৈরি এই জেমা ৪ এআই মডেল অ্যাপাচি ২.০ লাইসেন্সের আওতায় উন্মুক্ত হয়েছে, যা আগের জেমা মডেলগুলোর তুলনায় অনেক বেশি সহজ ও উন্মুক্ত। ফলে বাণিজ্যিক ও প্রাতিষ্ঠানিক কাজে এআই-এর ব্যবহারে বিদ্যমান সীমাবদ্ধতা উল্লেখযোগ্যভাবে কমবে।
একটি ব্লগ পোস্টে গুগল জানিয়েছে, জেমা ৪ মডেল বহুমাত্রিক সক্ষমতাসম্পন্ন, যাতে ছবি ও ভিডিও সরাসরি বিশ্লেষণ করা সম্ভব। এছাড়া, ১৪০টিরও বেশি ভাষায় এটিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ওপেনসোর্সভিত্তিক হওয়ায় বিভিন্ন প্রতিষ্ঠানের ডেভেলপাররা সহজেই এআই মডেলটিতে প্রয়োজনীয় পরিবর্তন করে ব্যবহার করতে পারবেন। এতে তথ্য, সিস্টেম ও মডেলের ওপর তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে, যা ক্লাউডসহ যেকোনো পরিবেশে নিরাপদে কাজ করার সুযোগ দেবে।
আগের মডেলগুলোর তুলনায় জেমা ৪-এ মাল্টি-স্টেপ রিজনিং বা বহু ধাপের যুক্তিভিত্তিক বিশ্লেষণ ক্ষমতা উন্নত করা হয়েছে। পাশাপাশি স্বয়ংক্রিয় কাজের জন্য ফাংশন কলিং, জেসন আউটপুট এবং অফলাইনে কোড তৈরির সুবিধা যুক্ত হয়েছে। এসব ফিচারের কারণে ডেভেলপাররা মডেলটি আরও কার্যকরভাবে ব্যবহার করতে পারবেন। গুগল এআই স্টুডিও থেকে এটি সহজেই ডাউনলোড করে নেওয়া যাবে।
জেমা এআই মডেলগুলো ব্যবহারকারীর নিজস্ব হার্ডওয়্যারে চালানো যায়, এমনকি ইন্টারনেট সংযোগ ছাড়াও। তাই যে কেউ বিনা মূল্যে জেমা ৪ মডেলটি ডাউনলোড করে নিজের যন্ত্রে ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছে গুগল। এই নতুন মডেলটি এআই-এর ব্যবহার আরও বিস্তৃত করবে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: ম্যাশেবল, দ্য নেক্সট ওয়েব






