মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী আগামীকাল মঙ্গলবারের মধ্যে খুলে না দিলে ইরানের ওপর চরম বিপর্যয় নামিয়ে আনবেন বলে হুমকি দিয়েছেন। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর প্রশংসাও করেছেন।
একদিকে চরম হামলার হুমকি দিচ্ছেন ট্রাম্প, অন্যদিকে যুদ্ধবিরতির আলোচনা চলছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস। যুক্তরাষ্ট্র, ইরান ও আঞ্চলিক মধ্যস্থতাকারী কয়েকটি দেশ ইরান যুদ্ধের সম্ভাব্য ৪৫ দিনের যুদ্ধবিরতির শর্তাবলি নিয়ে আলোচনা করছে।
সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী ইরানের গভীরে প্রবেশ করে উচ্চঝুঁকিপূর্ণ অভিযান চালিয়ে নিখোঁজ মার্কিন বিমানসেনাকে উদ্ধার করেছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পাঁচ সপ্তাহেরও বেশি সময় ধরে ইরানের ওপর ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালিয়ে যাচ্ছে। ইরানও ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক অবস্থানকে লক্ষ্য করে পাল্টা হামলা দিচ্ছে।
যুদ্ধ শুরুর পর থেকে ইরান হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে রেখেছে। বিশ্বের প্রায় এক–পঞ্চমাংশ তেল ও প্রাকৃতিক গ্যাস এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবহন করা হয়।
গতকাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প অশালীন ভাষায় ইরানকে হরমুজ প্রণালী খুলে দিতে হুমকি দেন। প্রায় পাঁচ সপ্তাহ ধরে ইরান এই জলপথ বন্ধ করে রেখেছে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘ইরানের জন্য মঙ্গলবার হবে পাওয়ার প্ল্যান্ট ডে এবং ব্রিজ ডে—সব একসঙ্গে।’
এতে ‘পাওয়ার প্ল্যান্ট ডে’ ও ‘ব্রিজ ডে’ বলে ট্রাম্প ইরানের বিদ্যুৎ, জ্বালানি ও পরিবহন অবকাঠামোর ওপর হামলার হুমকি দিয়েছেন। এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হবে বলে মতামত দিয়েছেন বিশেষজ্ঞরা।
পোস্টে ট্রাম্প আরও লিখেছেন, ‘সেখানে এমন কিছু হবে না! ...হরমুজ প্রণালি খুলে দিন..., না হলে আপনাদের নরকের ভেতর বসবাস করতে হবে, শুধু দেখুন! সকল প্রশংসা আল্লাহর জন্য’—প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গতকাল রাতে চারটি সূত্রের বরাত দিয়ে অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র, ইরান ও আঞ্চলিক কয়েকটি মধ্যস্থতাকারী দেশ ইরান যুদ্ধের সম্ভাব্য ৪৫ দিনের যুদ্ধবিরতির শর্তাবলি নিয়ে আলোচনা করছে। এই আলোচনা মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের স্থায়ী অবসানের পথ তৈরি করতে পারে।
এই আলোচনার খবর মার্কিন, ইসরায়েলি ও আঞ্চলিক চারটি সূত্রের বরাত দিয়ে অ্যাক্সিওস দিয়েছে।
তবে বার্তা সংস্থা রয়টার্স এই প্রতিবেদন তাৎক্ষণাৎ যাচাই করতে পারেনি। হোয়াইট হাউস এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এ বিষয়ে রয়টার্সের অনুরোধে কোনো উত্তর দেয়নি।
প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যস্থতাকারীরা দুই ধাপের চুক্তি নিয়ে আলোচনা করছে। প্রথম ধাপ ৪৫ দিনের যুদ্ধবিরতি; দ্বিতীয় ধাপ যুদ্ধ শেষ করার চুক্তি।
সেদিন ফক্স নিউজকে ট্রাম্প বলেছিলেন, ইরান আলোচনা করছে, সোমবারের মধ্যে একটি চুক্তি সম্ভব।
যুদ্ধ পরিস্থিতি নিয়ে এমন মিশ্র বার্তা যুদ্ধের সমর্থক, বিরোধী ও আর্থিক বাজারকে বিভ্রান্ত করছে।
এদিকে মিত্র ইসরায়েলও ইরানের ওপর চাপ বাড়াচ্ছে। গত শনিবার দেশটি ইরানের একটি বড় পেট্রোকেমিক্যাল প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে। তেহরানের ওপর চাপ বাড়ানোর অংশ হিসেবে ইসরায়েল আগামী সপ্তাহে ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলার প্রস্তুতি নিচ্ছে এবং যুক্তরাষ্ট্রের অনুমোদনের অপেক্ষায় আছে বলে জানিয়েছেন এক জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তা।
ইরানের নিন্দা ও হুঁশিয়ারি
ট্রাম্পের হুমকির নিন্দা করে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ তাকে প্রতিহিংসা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দ্বারা বিভ্রান্ত হচ্ছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে গালিবাফ লিখেছেন, ‘আপনার বেপরোয়া পদক্ষেপগুলো যুক্তরাষ্ট্রকে নরকের ভেতর টেনে নিয়ে যাচ্ছে, যুক্তরাষ্ট্রের প্রতিটি পরিবারকে নরকের ভেতর বাস করতে হবে এবং আমাদের পুরো অঞ্চলে আগুন জ্বলতে চলেছে। কারণ, আপনি নেতানিয়াহুর নির্দেশ অনুসরণ করতে জোর করছেন।’
ক্রু উদ্ধার
গতকাল ভোরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প ইরান থেকে মার্কিন বিমানসেনা উদ্ধারের ঘোষণা দেন। ইরানের পাহাড়ি এলাকায় পরিচালিত এই অভিযানকে তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে ‘সবচেয়ে সাহসী’ অভিযানগুলোর একটি বলে বর্ণনা করেন।
গত শুক্রবার ইরান একটি মার্কিন এফ-১৫ই স্ট্রাইক ইগল যুদ্ধবিমান ভূপাতিত করে। সেটিতে দুজন ক্রু ছিলেন—একজন পাইলট, অন্যজন অস্ত্রব্যবস্থা–সংক্রান্ত কর্মকর্তা। ইরানি আকাশ প্রতিরক্ষাব্যবস্থার আঘাতে দুজনই ককপিট থেকে বেরিয়ে যান।
সেদিনই পাইলটকে উদ্ধার করা গেলেও অস্ত্রব্যবস্থা–সংক্রান্ত কর্মকর্তার খোঁজ পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্র ও ইরান—উভয়ই নিখোঁজ সেনাটিকে খুঁজতে মরিয়া হয়ে ওঠে। ইরান তাকে খুঁজে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করে।
গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ট্রাম্প নিখোঁজ অস্ত্র কর্মকর্তাকে উদ্ধারের কথা জানান। পোস্টে তিনি বলেন, উদ্ধার হওয়া সেনা আহত হলেও একদম সুস্থ হয়ে উঠবেন।






