নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামার চেষ্টা করতে গিয়ে পুলিশ কনস্টেবল এমরান মিয়া (২৫)-এর দুই পা বিচ্ছিন্ন হয়েছে। আজ সোমবার সকালে আত্রাই রেলস্টেশনে এ দুর্ঘটনাটি ঘটে। তাঁর শ্বশুরবাড়ি আত্রাই উপজেলার তারাটিয়া গ্রামে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, আহত কনস্টেবল বাগেরহাটে কর্মরত। তিনি রাতে খুলনা থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেনে শ্বশুরবাড়িতে আসছিলেন। সকালে ট্রেনটি আত্রাই স্টেশনে পৌঁছায়। তবে ট্রেন পুরোপুরি থামার আগেই এমরান মিয়া লাফ দিয়ে নামার চেষ্টা করেন এবং চাকার নিচে তাঁর পা পড়ে যায়। ফলে তাঁর দুটি পা হাঁটু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

স্থানীয় লোকজন এমরান মিয়াকে উদ্ধার করে প্রথমে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দেন। পরবর্তীতে তাঁর শ্বশুরবাড়ির লোকজনের মাধ্যমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয়। তবে তাঁর গ্রামের বাড়ির ঠিকানা তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।