ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (আইইউটি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে বিএসসি ইঞ্জিনিয়ারিং ও বিবিএ প্রোগ্রামে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭ এপ্রিল ২০২৬। এ পরীক্ষা চলবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার পাঠ্যসূচির ভিত্তিতে হবে এই ভর্তি পরীক্ষা। প্রায় দুই সপ্তাহ সময় বাকি—এ সময়ে নিশ্চয়ই তীব্র প্রস্তুতি চলছে।

আইইউটির ভর্তি পরীক্ষার প্রস্তুতি সাধারণ ইঞ্জিনিয়ারিং ভর্তি থেকে কিছুটা ভিন্ন। ওআইসি দ্বারা পরিচালিত এই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিশ্বের ওআইসি অধ্যুষিত দেশের শিক্ষার্থীরা পড়তে আসেন। আমি বুয়েট ভর্তি পরীক্ষার পর থেকে আইইউটির প্রস্তুতি শুরু করি। ছোটবেলা থেকে ইঞ্জিনিয়ারিং পড়ার স্বপ্ন দেখতাম, তাই বাংলাদেশের সেরা পাবলিক ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় বুয়েট ছিল প্রথম লক্ষ্য। তবে জীবনে ব্যাকআপ প্ল্যানের প্রয়োজন থাকে। বাসার পাশে থাকায় আইইউটিতেই পড়ার ইচ্ছা ছিল। বুয়েট প্রিলিমিনারিতে নির্বাচিত হওয়ার পাশাপাশি অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ে মেরিটে সুযোগ পাই। ভেবেছিলাম বুয়েট হয়েই যাবে, কিন্তু ভাগ্যের পরিহাসে তা হলো না। বসে না থেকে একটি কোচিংয়ে আইইউটির প্রস্তুতি শুরু করলাম।

কোচিংয়ে কোশ্চেন বুক ভালোভাবে শেষ করলাম এবং কনসেপ্টগুলো পরিষ্কার করলাম। তবে টাইম ম্যানেজমেন্ট এবং ইংলিশ প্রশ্নগুলো ছিল সবচেয়ে চ্যালেঞ্জিং। বাংলা ভার্সনের শিক্ষার্থী হওয়ায় ইংলিশ টার্ম আয়ত্ত করা কঠিন ছিল। তবু কনসেপ্ট ক্লিয়ার থাকায় বড় সমস্যা হয়নি। পদার্থবিজ্ঞান ও রসায়নের জন্য কনসেপ্ট বুক যথেষ্ট ছিল, সঙ্গে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন বুকের সমস্যাগুলো বারবার রিভাইজ করেছি। টাইম ম্যানেজমেন্টের সমস্যা মোকাবিলায় কোচিংয়ের পরীক্ষা এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে অনলাইন পরীক্ষা দিয়ে অনেক উপকার পেয়েছি। আইইউটির জন্য দরকার গোছানো প্রস্তুতি, ধৈর্য এবং দৃঢ় মনোবল।

পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। ১০০ নম্বরের এমসিকিউ প্রশ্নে দুই ঘণ্টা সময় (সকাল ১০টা থেকে দুপুর ১২টা)। বিষয়ভিত্তিক নম্বর বণ্টন: গণিত ৩৫, পদার্থবিজ্ঞান ৩৫, রসায়ন ১৫ ও ইংরেজি ১৫। পরীক্ষার মাধ্যম ইংরেজি। প্রতি প্রশ্ন ১ নম্বর এবং ভুল উত্তরে ০.২৫ নম্বর কাটা হবে। সিলেবাস ২০২৫ সালের এইচএসসি পাঠ্যসূচির ভিত্তিতে।

পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে কম্বাইন্ড মেরিট লিস্ট তৈরি হবে। সেকেন্ড টাইমারদের কোনো নম্বর কাটা হবে না।

লেখক: ইমতিয়াজ রাফসান, মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি