বিশ্বের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ ‘দ্য কুইনস কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা’র ২০২৬ সালের আবেদন প্রক্রিয়া চলছে। প্রতি বছর এই প্রতিযোগিতায় কমনওয়েলথভুক্ত দেশগুলোর হাজার হাজার শিক্ষার্থী অংশ নেন। বাংলাদেশসহ কমনওয়েলথের সব দেশের শিক্ষার্থীরা এতে যোগ দিতে পারবেন। রচনা জমা দেওয়ার শেষ তারিখ ৩০ এপ্রিল ২০২৬।
ইংল্যান্ডের রয়েল কমনওয়েলথ সোসাইটি এই সৃজনশীল রচনা প্রতিযোগিতা আয়োজন করে। ২০২৬ সালের প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ীরা ইংল্যান্ড ভ্রমণের সুযোগ পাবেন। এটি তরুণ রচনাকারদের অর্জনকে স্বীকৃতি দেওয়া এবং তাঁদের কণ্ঠস্বরকে শক্তিশালী করে দক্ষতা বাড়ানোর একটি দারুণ উপায়।
কমনওয়েলথের ৬৫টি দেশের স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক এই প্রতিযোগিতায় দুটি ক্যাটাগরিতে অংশগ্রহণের সুযোগ দেয়। প্রতি ক্যাটাগরি থেকে দুজন করে মোট চারজন বিজয়ী এক সপ্তাহের ইংল্যান্ড ভ্রমণ করতে পারবেন। জয়ীরা লন্ডনের রয়্যাল প্যালেসে বিশেষ পুরস্কার বিতরণীতে অংশ নেবেন। সেখানে সার্টিফিকেট, গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ পদক প্রদান করা হবে। রচনা লিখতে কোনো বিশেষ শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই।
রচনা ইংরেজিতে লিখতে হবে। জুনিয়র ও সিনিয়র ক্যাটাগরির জন্য আলাদা টপিক দেওয়া হয়েছে। একজন প্রতিযোগী সর্বোচ্চ একটি টপিকের উপর রচনা লিখতে পারবেন। টাইটেল, ভাষাভঙ্গি ও শব্দচয়ন নিজের মতো করে করা যাবে। জুনিয়র ক্যাটাগরির রচনা সর্বোচ্চ ৭৫০ শব্দের এবং সিনিয়র ক্যাটাগরির সর্বোচ্চ ১৫০০ শব্দের হতে পারবে। রচনা অনলাইনে জমা দিতে হবে। একক বা একাধিক জনের রচনা একসঙ্গে জমা দেওয়া সম্ভব।
১. জুনিয়র ক্যাটাগরি
*বয়স: ১৪ বছরের নিচে (২৩ মে ২০১১-এর পর জন্ম)
*রচনার শব্দসংখ্যা সর্বোচ্চ ৭৫০ হতে পারবে
২. সিনিয়র ক্যাটাগরি
*বয়স: ১৪-১৮ বছর (২৩ মে ২০০৬ থেকে ২৩ মে ২০১১-এর মধ্যে জন্ম)
*রচনার শব্দসংখ্যা সর্বোচ্চ ১৫০০ হতে পারবে
আগ্রহী প্রার্থীরা অনলাইনে রচনা জমা দিতে পারবেন। বিস্তারিত জানতে এবং রচনা জমা দেওয়ার জন্য এখানে ক্লিক করুন।
*আবেদনের শেষ তারিখ: ৩০ এপ্রিল ২০২৬






