মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার হুমকি দিয়েছেন এবং তা বাস্তবায়নের জন্য পুরোপুরি প্রস্তুত। এতে মধ্যপ্রাচ্যের উত্তেজনা ভয়াবহ সংঘাতের দিকে এগোচ্ছে বলে মনে করছেন মধ্যপ্রাচ্যবিষয়ক গবেষক ও আমওয়াজ ডট মিডিয়ার সম্পাদক মোহাম্মদ আলী শাবানি।

শাবানি বলেন, ‘আমরা এখন এমন এক পরিস্থিতির মুখোমুখি হয়েছি, যেটা অনেকটা দ্বৈরথের (ডুয়েল) মতো, যেখানে কোনো পক্ষেরই এখন আর সম্মান বজায় রেখে পিছু হটার কোনো পথ খোলা নেই।...সেই আশঙ্কার কথা মাথায় রেখে আমি মনে করি, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই অঞ্চলে চরম সংঘাত ছড়িয়ে পড়ার প্রবল ঝুঁকি রয়েছে।’

উপসাগরীয় অঞ্চলে ইরানের হামলা কমার কোনো লক্ষণ নেই। কুয়েতে একাধিক ড্রোন হামলা হয়েছে। কুয়েত পেট্রোলিয়াম করপোরেশনের সদর দপ্তরে আগুন লেগেছে। বিদ্যুৎ উৎপাদন ও লবণাক্ত পানি শোধনাগারেও আঘাত পড়েছে। তবে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

অন্যদিকে, বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরান তাদের একটি তেল স্থাপনায় হামলা চালিয়েছে যাতে আগুন লেগেছে। জরুরি উদ্ধারকারী দলগুলো আগুন নিভিয়ে ফেলেছে। কয়েক সপ্তাহ ধরে বাহরাইনের রাজধানী মানামায় ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে।

কুয়েত সিটির আল-জাজিরা সাংবাদিক মালিক ত্রাইনা জানান, গত শনিবার রাতে সেখানে অসংখ্য সতর্কতামূলক সাইরেন বেজেছে। সকাল পাঁচটা-ছয়টায় সরকারি বিবৃতিতে হামলার খবর পাওয়া যায়। প্রথম বিবৃতিতে কুয়েতের দুটি বিদ্যুৎ ও পানি শোধনাগারে হামলার কথা বলা হয়, যার ফলে দুটি বিদ্যুৎ উৎপাদন ইউনিট গ্রিড থেকে বিচ্ছিন্ন হয়।

কুয়েতের লবণাক্ত পানি শোধনাগারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে উপসাগরীয় অঞ্চলে। কুয়েত পানীয় জলের ৯০ শতাংশ এই আটটি শোধনাগার থেকে পায়। তাই এসব স্থাপনায় হামলাকে কুয়েতের কর্মকর্তারা রেড লাইন লঙ্ঘন বলে মনে করছেন।

কুয়েত পেট্রোলিয়াম করপোরেশনের বিবৃতিতে বলা হয়েছে, কুয়েত সিটি থেকে ২০ কিলোমিটার দক্ষিণে আল শুওয়াইখ এলাকার তেল কমপ্লেক্সে হামলা হয়েছে। অর্থ মন্ত্রণালয়েও আঘাত পড়েছে। মন্ত্রিপরিষদ কমপ্লেক্সের সেই ভবনে অর্থ মন্ত্রণালয় ছাড়া আরও তিনটি মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠানের অফিস আছে। সরকার জানিয়েছে, কর্মীদের নিরাপদে সরিয়ে অনলাইনে বাসা থেকে কাজ করবেন।

উপসাগরীয় দেশগুলোর মধ্যে কুয়েত ইরানের সবচেয়ে কাছে এবং ইরাকের সঙ্গে সীমান্ত রয়েছে। কর্তৃপক্ষ মনে করেন, অনেক হামলা ইরাক সীমান্ত থেকে হচ্ছে। ফলে কুয়েত প্রশাসন চরম উদ্বিগ্ন।

মালিক ত্রাইনা আরও বলেন, এক ঘণ্টার মধ্যে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি কর্তৃপক্ষ জানিয়েছে, আল-বুরুজ পেট্রোকেমিক্যাল কোম্পানিতে লাগা একাধিক আগুন নেভানো চলছে। ঠিক তখনই শনিবার ইরানে থাকা আল-জাজিরা সাংবাদিকরা দেশটির এক পেট্রোকেমিক্যাল কোম্পানিতে হামলার খবর দিয়েছিলেন।

এর আগে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। বাহরাইনে বাপকো এনার্জির জ্বালানি মজুত কেন্দ্রের ট্যাঙ্কেও হামলা হয়েছে। সংঘাত শুরুর পর থেকে উপসাগরীয় অঞ্চলে এ ধরনের হামলা ধারাবাহিকভাবে চলছে।