গুগল প্লে স্টোরে অ্যাপ প্রকাশের আগে ক্ষতিকর কিনা তা যাচাই করে নেওয়া সত্ত্বেও, ৫০টি অ্যাপের মাধ্যমে অ্যান্ড্রয়েড ফোনে ‘নোভয়েস’ ম্যালওয়্যার ছড়াচ্ছে বলে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ম্যাকাফি জানিয়েছে। এই ম্যালওয়্যারযুক্ত অ্যাপগুলো ২৩ লাখের বেশি বার ডাউনলোড হয়েছে বলেও তারা সতর্ক করেছে।

ম্যাকাফির তথ্য অনুসারে, নোভয়েস ম্যালওয়্যারটি ক্লিনার, ইমেজ গ্যালারি এবং গেম অ্যাপের ছদ্মবেশে ফোনে প্রবেশ করে। এরপর এটি ২০২১ সালে ঠিক করা পুরোনো অ্যান্ড্রয়েড ত্রুটিগুলো পুনরায় সক্রিয় করে রুট অ্যাকসেস ব্যবহার শুরু করে। ফলে অন্য অ্যাপ চালু হলেই সেখানে নতুন কোড যুক্ত করে তথ্য সংগ্রহ করে।

এই অ্যাপগুলো ডাউনলোডের সময় কোনো সন্দেহজনক অনুমতি চায় না। এমনকি প্রতিশ্রুত কাজগুলো ভালোভাবে করে বলে অনেকে নিয়মিত ব্যবহার করেন। ফলে অজান্তেই ফোন থেকে তথ্য চুরি হয়। গুগলের একজন মুখপাত্র জানিয়েছেন, “২০২১ সালের পর যেসব স্মার্টফোনে নিরাপত্তা প্যাচ হালনাগাদ করা হয়েছে, সেগুলো নোভয়েস ম্যালওয়্যার থেকে নিরাপদে রয়েছে।” তাই ব্যবহারকারীদের সর্বদা হালনাগাদ অপারেটিং সিস্টেম ব্যবহার করা উচিত।

সাইবার নিরাপত্তাবিশেষজ্ঞরা বলছেন, ম্যালওয়্যার থেকে বাঁচতে অ্যাপ ডাউনলোডের আগে নির্মাতা ও অন্য ব্যবহারকারীদের অভিজ্ঞতা অনলাইনে খুঁজে দেখতে হবে। অপরিচিত লিংক থেকে অ্যাপ নামানো থেকেও বিরত থাকতে হবে।

সূত্র: ব্লিপিং কম্পিউটার