পবিত্র কুরআনের সংক্ষিপ্ত সুরাগুলোর মধ্যে সুরা নাসর একটি। এই সুরায় মুসলিম ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি এবং এক মহান আত্মার বিদায়ের ইঙ্গিত লুকিয়ে আছে।

একদিকে এটি মক্কা বিজয় ও ইসলামের বিস্তারের সুসংবাদ বহন করে, অন্যদিকে নিভৃতে নবী মুহাম্মদ (সা.)-এর পার্থিব জীবনের অবসান এবং সর্বোচ্চ রবের কাছে ফিরে যাওয়ার প্রস্তুতির নির্দেশ দেয়।

সুরা নাসরের প্রথম আয়াতে আল্লাহ তাআলা নবীজি (সা.)-কে এক মহান বিজয়ের সংবাদ দিয়েছেন। আবদুর রহমান আস-সাদি (র.) এর ব্যাখ্যায় বলেন, এই সুরাটি মূলত মক্কা বিজয় এবং আল্লাহর পক্ষ থেকে বিশেষ সাহায্য পৌঁছানোর চূড়ান্ত ঘোষণা। (আস-সাদি, তাইসিরুল কারিমির রহমান, পৃষ্ঠা: ৯৩৬, মুআসসাসাতুর রিসালাহ, বৈরুত, ২০০৩)

দ্বিতীয় আয়াতে মানুষের দলে দলে ইসলাম গ্রহণের কথা উল্লেখ করা হয়েছে। দীর্ঘ সংগ্রামের পর মক্কা বিজয় হলে আরব গোত্রগুলো ব্যক্তিগতভাবে নয়, দলে দলে ইসলাম গ্রহণ করতে শুরু করে। (সুরা নাসর, আয়াত: ২)

বিজয়ের পর মানুষ সাধারণত অহংকার বা উল্লাসে মত্ত হয়, কিন্তু আল্লাহ তাআলা নবীজি (সা.)-কে তসবিহ ও ইস্তিগফারের নির্দেশ দেন। তৃতীয় আয়াতে বলা হয়েছে, ‘তবে আপনি আপনার রবের প্রশংসাসহ পবিত্রতা ঘোষণা করুন এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করুন; নিশ্চয়ই তিনি পরম তওবা কবুলকারী।’

ইসলামি চিন্তাবিদদের মতে, এই নির্দেশের দুটি ইঙ্গিত রয়েছে:

১. কৃতজ্ঞতা ও স্থায়িত্ব: যেকোনো নেয়ামত বা বিজয় শক্তির দ্বারা ধরে রাখা যায় না, বরং আল্লাহর শুকরিয়ার মাধ্যমে তা স্থায়ী হয়। যেমন সুরা ইবরাহিমে বলা হয়েছে, ‘যদি তোমরা শুকরিয়া আদায় করো, তবে আমি তোমাদের নেয়ামত বাড়িয়ে দেব।’ (সুরা ইবরাহিম, আয়াত: ৭)

২. বিদায়ের পদধ্বনি: ইবাদত বা মহান কাজ শেষে ইস্তিগফার ইসলামের সুন্দর রীতি। এই সুরায় নবীজি (সা.)-কে ইস্তিগফারের নির্দেশ দেওয়া মানে তাঁর নবুয়তের মিশন সম্পন্ন এবং রবের সঙ্গে সাক্ষাতের সময় ঘনিয়ে এসেছে। (ইবনে কাসির, তাফসিরু কুরআনিল আজিম, ৮/৫১১, দারুত তাইয়িবাহ, রিয়াদ, ১৯৯৯)

সুরাটি নাজিলের পর রাসুল (সা.) প্রতি নামাজে, বিশেষ করে রুকু ও সিজদায় এই দোয়া বাড়িয়ে দেন—‘সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মাগফিরলি’ (হে আল্লাহ, আমাদের প্রতিপালক, আপনার পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করছি, আপনি আমাকে ক্ষমা করুন)। (সহিহ বুখারি, হাদিস: ৪৯৬৮)

ইবনে আব্বাস (রা.) বলেছিলেন, ‘এটি ছিল আল্লাহর রাসুল (সা.)-এর ইন্তেকালের সংবাদ, যা আল্লাহ তাঁকে আগেই জানিয়ে দিয়েছিলেন।’ (সহিহ বুখারি, হাদিস: ৪৯৭০)

সুরা নাসর শেখায়, জীবনের বড় অর্জনে বিনয়ী হয়ে মহান রবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়।