যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য পাইথন প্রোগ্রামিংয়ে দক্ষতা অর্জনের বিনামূল্যে সুযোগ করে দিচ্ছে। স্ট্যানফোর্ডের কম্পিউটারবিজ্ঞান বিভাগের অধ্যাপক ক্রিস পিচ ও মেহরান সাহামির উদ্যোগে পরিচালিত ‘কোড ইন প্লেস’ অনলাইন কোর্সটি পাইথন ভাষা নিয়ে তৈরি। এতে অংশগ্রহণের জন্য ৮ এপ্রিলের মধ্যে উল্লেখিত ঠিকানায় আবেদন জমা দিতে হবে।
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও পিচ ল্যাবের যৌথ উদ্যোগে আয়োজিত এই কোর্সে প্রতি সপ্তাহে একটি বিষয় নিয়ে একাধিক ভিডিও ক্লাস অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা কন্ট্রোল ফ্লো উইথ কারেল, দ্য আর্ট অফ কোডিং, কনসোল প্রোগ্রামিং, আন্ডারস্ট্যান্ডিং ভেরিয়েবল, গ্রাফিকস, লিস্ট ও ডিকশনারি ইত্যাদি বিষয় সহজে শিখতে পারবেন। তাছাড়া, ভিডিও ক্লাসগুলো যেকোনো সময় দেখার সুবিধা থাকায় কোনো সহায়তার প্রয়োজন হবে না।
গত দুই বছর স্ট্যানফোর্ডের এই পাইথন কোর্সে সেকশন লিডার হিসেবে কাজ করেছেন ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের মেন্টর ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইসরাফিল শাহীন। তিনি জানান, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের পাইথন প্রোগ্রামিং শেখানোর কার্যক্রমে যুক্ত থাকার অভিজ্ঞতা মেন্টরিং দক্ষতা বাড়াতে সাহায্য করেছে। বিশেষ করে কোনো সমস্যার সরাসরি সমাধান না দিয়ে শিক্ষার্থীদের থেকেই কীভাবে সমস্যা সমাধান করিয়ে নেওয়া যায়, তা জানা সম্ভব হয়েছে।
বাংলাদেশ ওপেনসোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সভাপতি মুনির হাসান বলেন, ‘এর আগে এই কোর্সের মাধ্যমে আমাদের দেশের অনেক শিক্ষার্থী প্রোগ্রামিংয়ে দক্ষতা অর্জন করেছে এবং আন্তর্জাতিক পর্যায়েও নিজেদের দক্ষতা প্রমাণ করেছে। এই কোর্সে নির্দিষ্ট সময়সীমা ও মেন্টরের সহায়তায় শিক্ষার্থীদের নিয়মিতভাবে শেখার সুযোগ থাকে, যা তাদের শেখার ধারাবাহিকতা বজায় রাখতে সাহায্য করে।’
প্রসঙ্গত, এই বিনামূল্যে প্রোগ্রামিং কোর্সে শিক্ষক বা মেন্টর হিসেবেও যোগ দিতে পারবেন। ফলে অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রোগ্রামার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেকশন লিড হওয়ার জন্য আবেদন করতে পারেন।






