স্যাটেলাইট ইমেজিং কোম্পানি প্ল্যানেট ল্যাবস ইরানসহ মধ্যপ্রাচ্যের সংঘাতপূর্ণ এলাকার স্যাটেলাইট ছবি অনির্দিষ্টকালের জন্য প্রকাশ না করার ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অনুরোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক এই কোম্পানি গতকাল শনিবার গ্রাহকদের ইমেইলের মাধ্যমে সিদ্ধান্তটি জানায়। কয়েকটি সংবাদ সংস্থা তাদের বরাতে বলেছে, মার্কিন সরকার স্যাটেলাইট চিত্র প্রদানকারীদের ‘অনির্দিষ্ট সময়ের জন্য ছবি প্রকাশ স্থগিত রাখতে’ বলেছে।
মধ্যপ্রাচ্যের স্যাটেলাইট ছবি প্রকাশে বিধিনিষেধ আরোপ এবার প্রথম নয়, বরং এটি পূর্বের একটি সিদ্ধান্তের সম্প্রসারণ। প্ল্যানেট ল্যাবস গত মাসে এই অঞ্চলের ছবি প্রকাশে ১৪ দিনের বিলম্ব আরোপ করেছিল। অর্থাৎ ছবি তোলার ১৪ দিন পর তা প্রকাশ করা হতো। এর আগে প্রাথমিকভাবে ৯৬ ঘণ্টার বিলম্ব ছিল।
কোম্পানি জানিয়েছে, এই পদক্ষেপের উদ্দেশ্য প্রতিপক্ষকে ছবি ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ওপর হামলা থেকে বিরত রাখা। তারা গত ৯ মার্চ থেকে তোলা কোনো ছবি আর প্রকাশ করবে না। যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে বলে তারা আশা করছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের ওপর যৌথ বিমান হামলা থেকে যুদ্ধ শুরু হয়। স্যাটেলাইট চিত্রে ইরানের সর্বোচ্চ নেতার বাসভবনের চত্বরে হামলায় ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা গেছে। এরপর থেকে সংঘাত পুরো অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন লক্ষ্যবস্তুতে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। উপসাগরীয় অঞ্চলের বেসামরিক অবকাঠামোতেও আঘাত হয়েছে।
নাসার একজন সাবেক বিজ্ঞানী ২০১০ সালে প্ল্যানেট ল্যাবস প্রতিষ্ঠা করেন। গ্রাহকদের ইমেইলে তারা জানিয়েছে, ছবি ‘নিয়ন্ত্রিত বিতরণ ব্যবস্থায়’ যাবে যাতে কোনো নিরাপত্তা ঝুঁকি না তৈরি হয়। নতুন ব্যবস্থায় প্রতিটি ছবির জরুরিতা, অভিযানের ধরন, গুরুত্ব এবং জনস্বার্থ বিবেচনা করে প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হবে।
ক্যালিফোর্নিয়া ভিত্তিক কোম্পানির বরাতে বলা হয়েছে, ‘এরকম বিশেষ পরিস্থিতিতে, আমাদের সকল অংশীদারের চাহিদার মধ্যে ভারসাম্য বজায় রাখতে, আমাদের পক্ষে যা কিছু করা সম্ভব, আমরা তার সবই করছি।’
স্যাটেলাইট প্রযুক্তির সামরিক ব্যবহারের মধ্যে রয়েছে লক্ষ্য সনাক্তকরণ, অস্ত্র নির্দেশনা, ক্ষেপণাস্ত্র ট্র্যাকিং এবং যোগাযোগ ব্যবস্থা। কয়েকজন মহাকাশ বিশেষজ্ঞ বলেছেন, ইরান বাণিজ্যিক স্যাটেলাইট চিত্র ব্যবহার করতে পারে, যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষদের কাছ থেকেও এমন ছবি পেতে পারে।






