দেশের শেয়ারবাজারে আগামীকাল রোববার থেকে লেনদেনের সময় ৩০ মিনিট কমবে। সকাল ১০টায় মূল লেনদেন শুরু হয়ে একটানা চলবে বেলা ১টা ৫৫ মিনিট পর্যন্ত। এরপর ৫ মিনিট পোস্ট ক্লোজিং বা লেনদেন সমাপনী কার্যক্রম চলবে। চূড়ান্তভাবে লেনদেন শেষ হবে বেলা ২টায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষ আজ শনিবার আলাদা বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানায়। গত বৃহস্পতিবার পর্যন্ত লেনদেন চলত সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। এর মধ্যে সকাল ১০টা থেকে বেলা ২টা ২০ মিনিট পর্যন্ত ছিল মূল লেনদেন এবং ২টা ২০ মিনিট থেকে আড়াইটা পর্যন্ত ১০ মিনিট ছিল পোস্ট ক্লোজিং লেনদেন। আগামীকাল থেকে মূল লেনদেনের সময় ২৫ মিনিট এবং পোস্ট ক্লোজিং সময় ৫ মিনিট কমছে।

স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারি–বেসরকারি অফিসের নতুন সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে শেয়ারবাজারের লেনদেন সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে। আজই শনিবার বাংলাদেশ ব্যাংক নতুন লেনদেন সময় ঘোষণা করে ব্যাংকের সময় নির্ধারণ করে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত। সেই সময়ের সঙ্গে মিলিয়ে শেয়ারবাজারের লেনদেন সময় সমন্বয় করা হয়েছে। একই সঙ্গে শেয়ারবাজারের অফিসসূচিও পরিবর্তন করে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়।