সিলিকন ভ্যালির উদ্যোক্তাদের কথা বলতে গেলে একটা প্রচলিত ধারণা মনে আসে—বড় সাফল্যের জন্য গ্যারেজ দরকার। অ্যাপল, গুগল, মাইক্রোসফট বা আমাজনের মতো বিলিয়ন ডলারের জায়ান্ট কোম্পানিগুলোর যাত্রা শুরু হয়েছিল সাধারণ গ্যারেজ থেকে। এসব গল্প এখন কিংবদন্তির মতো ছড়িয়ে আছে সর্বত্র।
১৯৭৬ সালের ১ এপ্রিল ক্যালিফোর্নিয়ার লস আল্টোসের একটি বাড়ির গ্যারেজে স্টিভ জবস এবং স্টিভ ওজনিয়াক অ্যাপল প্রতিষ্ঠা করেন। এই বাড়িটি ছিল জবসের ছোটবেলার ঘর। ২০১৩ সালে লস আল্টোস ঐতিহাসিক কমিশন এটিকে ঐতিহাসিক স্থান ঘোষণা করে। যদিও ওজনিয়াক পরে রসিকতা করে বলেছিলেন, "গ্যারেজে বসে তাঁরা পণ্য ডিজাইন বা উৎপাদনের কাজ খুব একটা করেননি, তবে আইডিয়া নিয়ে আলোচনার জন্য এটিই ছিল তাঁদের মূল আস্তানা।" আজ সেই গ্যারেজ থেকে উদ্ভূত অ্যাপল বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানিগুলোর একটি।
১৯৯৮ সালে ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন মেনলো পার্কে একটি গ্যারেজ ভাড়া নিয়ে গুগলের কাজ শুরু করেন। মজার বিষয়, বাড়ির মালিক ছিলেন সুসান ওজস্কি, যিনি ২০১৩ থেকে ২০১৪ পর্যন্ত ইউটিউবের প্রধান ছিলেন। তিনি হবু দুই বিলিয়নিয়ারকে প্রতি মাসে ১ হাজার ৭০০ ডলারে গ্যারেজ ভাড়া দেন। এখন গুগল পুরো বাড়িটির মালিক। ২০১৮ সালে ২০তম বার্ষিকীতে তারা ভক্তদের জন্য গ্যারেজটি ভার্চ্যুয়ালি ঘুরে দেখার সুযোগ দিয়েছিল।
পালো আল্টোর একটি গ্যারেজকে সিলিকন ভ্যালির জন্মস্থান বলা হয়। ১৯৩৮ সালে বিল হিউলেট এবং ডেভিড প্যাকার্ড এইচপি প্রতিষ্ঠা করেন। তারা সেখানে একটি অডিও অসিলেটর তৈরি করেন, যা ডিজনির ফ্যান্টাসিয়া চলচ্চিত্রের জন্য বিক্রি করে প্রথম বড় সাফল্য পান। ১৯৮৭ সালে এটি ঐতিহাসিক স্থান হিসেবে স্বীকৃতি পায় এবং ২০০০ সালে এইচপি ১.৭ মিলিয়ন ডলারে সম্পত্তিটি কিনে নেয়।
বিল গেটস এবং পল অ্যালেন নিউ মেক্সিকোর আলবুকার্কের একটি গ্যারেজে মাইক্রোসফটের শুরু করেন। তবে তাদের অনেক কাজ হয় সানডাউনার মোটেলে, সেখানে তারা বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটি সংস্করণ লিখেছিলেন। ২০১৩ সালে মোটেলটি সাশ্রয়ী মূল্যের আবাসনে রূপান্তরিত হয়। সদর দপ্তর পরে ওয়াশিংটনে সরানো হলেও, লড়াইয়ের শুরু ছিল সেই গ্যারেজে।
জেফ বেজোস ১৯৯৫ সালে ওয়াশিংটনের বেলভিউতে একটি ভাড়া বাড়ি থেকে অ্যামাজন শুরু করেন। তিনি ইচ্ছে করে এই বাড়ি বেছে নেন কারণ এতে গ্যারেজ ছিল—এইচপি বা অন্যদের মতো গ্যারেজ স্টোরি চেয়েছিলেন। বেজোস এবং তৎকালীন স্ত্রী ম্যাকেঞ্জি ৮৯০ ডলারে বাড়িটি ভাড়া করেন। পরে এটি দেড় মিলিয়ন ডলারে বিক্রি হয়। সংস্কারের পরও মেইলবক্সটি রয়ে গেছে, যেখানে বেজোস প্রথম বইয়ের ক্যাটালগ পেতেন।
সূত্র: বিজনেজ ইনসাইডার






