জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের জন্য আগামীকাল রোববার থেকে দেশের তফসিলি ব্যাংকগুলোর লেনদেনের সময় এক ঘণ্টা কমিয়ে বাংলাদেশ ব্যাংক নতুন সময়সূচি ঘোষণা করেছে। এখন ব্যাংক লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত, যা আগে ছিল বিকেল ৪টা পর্যন্ত।

আজ শনিবার বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট ও অ্যানালিটিকস ডিপার্টমেন্ট (এসডিএডি) একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই নির্দেশনা জারি করেছে। ব্যাংক কোম্পানি আইনের ক্ষমতাবলে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকার ঘোষিত পরিবর্তিত অফিস সময়সূচির অনুসারে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগামীকাল ৫ এপ্রিল রোববার থেকে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস চলমান থাকবে। আর ব্যাংকের লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হিসেবে বলবৎ থাকবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, তবে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংকের শাখা, উপশাখা এবং বুথ ২০১৯ তারিখে জারি করা ডিওএস সার্কুলার অনুযায়ী ২৪ ঘণ্টা চালু থাকার নির্দেশনা বলবৎ থাকবে।