আর্টেমিস–২ অভিযানের নভোচারীরা ওরিয়ন মহাকাশযান থেকে পৃথিবীর ছবি তুলেছেন। নাসা এই ছবিগুলো প্রকাশ করেছে। এগুলো ওরিয়ন থেকে তোলা পৃথিবীর প্রথম উচ্চ-রেজল্যুশনের ছবি।

আর্টেমিস–২ অভিযানে নভোচারীরা চাঁদের চারপাশে ঘুরে পৃথিবীতে ফিরে আসবেন। নাসা জানিয়েছে, আর্টেমিস মিশনের কমান্ডার রিড উইজম্যান মহাকাশযান থেকে পৃথিবীর ‘চমকপ্রদ’ ছবিগুলো তুলেছেন।

প্রথম ছবির নাম ‘হ্যালো, ওয়ার্ল্ড’। এতে বিশাল নীল আকাশের মতো আটলান্টিক মহাসাগর দেখা যাচ্ছে। চারপাশে পৃথিবীর বায়ুমণ্ডলের আবছা আলো পড়েছে। দুই প্রান্তে সবুজ মেরুজ্যোতির উজ্জ্বল আলো দৃশ্যমান।

ছবিতে পৃথিবী উল্টো অবস্থায় দেখা যাচ্ছে। বাঁ দিকে পশ্চিম সাহারা মরুভূমি ও আইবেরীয় উপদ্বীপ, ডান দিকে দক্ষিণ আমেরিকার পূর্ব অংশ। নাসা ছবির নিচের অংশে ডান প্রান্তের উজ্জ্বল গ্রহকে শনাক্ত করেছে—এটি শুক্র গ্রহ।

গতকাল শুক্রবার ভোরে এই ছবি তোলা হয়। নভোচারীরা সফলভাবে একটি ট্রান্স-লুনার ইনজেকশন বার্ন সম্পন্ন করার পর ছবিটি তুলেছেন। এই বার্নের মাধ্যমে ওরিয়ন মহাকাশযানকে পৃথিবীর কক্ষপথ থেকে বের করা হয়েছে। মহাকাশযানের ভেতরে থাকা চারজন নভোচারী চাঁদের দিকে ২ লাখ মাইলের বেশি পথ যাত্রা করছেন।

আর্টেমিস–২ অভিযানে চার নভোচারী চাঁদের চারপাশে ঘুরে পৃথিবীতে ফিরবেন। ১৯৭২ সালের পর এবারই প্রথম কোনো মানুষ পৃথিবীর কক্ষপথের বাইরে ভ্রমণ করছে। নভোচারীরা ৬ এপ্রিল চাঁদের পেছনের পাশ দিয়ে ঘুরে আসবেন। ১০ এপ্রিল তাঁরা পৃথিবীতে ফিরে আসবেন।