বসন্তের বিদায়ী সময়ে কালবৈশাখীর আনাগোনায় বাংলাদেশের আকাশ প্রায়ই মেঘাচ্ছন্ন হয়। কিন্তু মেঘমুক্ত পরিষ্কার রাত্রিতে এপ্রিলের প্রথম পক্ষকাল জ্যোতির্বিজ্ঞানপ্রেমীদের জন্য অপূর্ব সুযোগ নিয়ে আসছে। ১৫ এপ্রিল পর্যন্ত দেশের আকাশে একাধিক গ্রহ, চাঁদের বিশেষ অবস্থানসহ উল্কাপাত দেখার সম্ভাবনা রয়েছে।
গ্রহদের মিলনমেলা ও বিশেষ অবস্থান
এপ্রিলের শুরুতে গ্রহগুলোর অবস্থান কিছুটা বদলালেও সন্ধ্যাকালে শুক্র গ্রহ অসাধারণ উজ্জ্বলতায় ঝলক দেবে। বর্তমানে এটি ধীরে ধীরে সর্বোচ্চ উজ্জ্বলতার দিকে এগোচ্ছে। প্রথম সপ্তাহে সন্ধ্যায় মঙ্গল গ্রহ বৃষ রাশি নক্ষত্রপুঞ্জের কাছে দেখা যাবে, যার লালচে আভা খালি চোখেই স্পষ্ট হবে। ভোরের আকাশে শনি ও বৃহস্পতি পূর্ব দিকে পাশাপাশি উঠে আসবে। শেষ রাতে বা ভোরে উঠে পূর্ব আকাশে এই দুই গ্রহের দৃশ্য উপভোগ করা যাবে। বিশেষ করে ১০ এপ্রিলের পর শনি দিগন্ত থেকে অনেক উঁচুতে উঠবে, টেলিস্কোপ দিয়ে পর্যবেক্ষণের জন্য আদর্শ সময়।
চাঁদের পরিক্রমা
১২ ও ১৩ এপ্রিল রাতে চাঁদ মঙ্গল গ্রহের কাছাকাছি দেখা যাবে। জ্যোতির্বিজ্ঞানে এটিকে কনজাংশন বলা হয়। বাইনোকুলারে চোখ রাখলে একই ফ্রেমে চাঁদ ও মঙ্গলের যুগলবন্দী দৃশ্য ধরা পড়বে।
নক্ষত্রপুঞ্জের রাজত্ব
মার্চের পরিচিত নক্ষত্রপুঞ্জগুলো এখন পশ্চিমে ঢলে পড়ছে, নতুনগুলো জায়গা নিচ্ছে। রাতে মাথার ওপর পূর্ব-দক্ষিণ আকাশে সিংহ রাশি নক্ষত্রপুঞ্জ উজ্জ্বল হবে। এর সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র রেগুলাস নীলচে-সাদা রঙে জ্বলজ্বল করবে। উত্তর আকাশে সপ্তর্ষিমণ্ডলের সাত নক্ষত্র উঁচুতে থাকবে, যা ধ্রুবতারা খুঁজে পেতে সাহায্য করবে।
সূত্র: স্কাইম্যাপ, টাইম অ্যান্ড ডেট, স্কাই অ্যান্ড টেলিস্কোপ






