ময়মনসিংহের ত্রিশালে মুঠোফোন চুরির অভিযোগে দুই শিশুকে নির্যাতনের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে গাজীপুর থেকে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

ভাইরাল ভিডিওতে দেখা গেছে, কয়েকজন যুবক চুরির অপবাদে দুই শিশুকে অমানবিকভাবে নির্যাতন করছেন। এক শিশুকে জোর করে পুকুরে নামিয়ে বারবার পানিতে চোবানো হয়। অন্য শিশুটিকে পুকুরে নামাতে গিয়ে সে পায়ে ধরে প্রাণভিক্ষা চেয়েও তাকে টেনে পানিতে চুবিয়ে দেওয়া হয়। শিশুদের শ্বাসরোধ করে শূন্যে তুলে আছাড় মেরে চুরির স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হয়। ব্যর্থ হলে পুকুরপাড়ের বাথরুমের নোংরা পানি জোর করে খাওয়ানো হয়। এতে শিশুরা বমি করে এবং চিৎকার করে ‘ভাইরে, বড় ভাইগো, মারিস না’ বলে প্রাণভিক্ষা চায়। নিস্তেজ হয়েও নির্যাতন বন্ধ হয়নি। ভিডিওতে আরও দেখা যায়, কিছু যুবক উদ্ধারের বদলে দাঁড়িয়ে তামাশা দেখছিলেন।

পুলিশ জানায়, গত ২৭ মার্চ ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের ধলা এলাকায় ঘটনাটি ঘটে। এলাকার দিনমজুর মো. মাহাবুল আলম ওরফে বুলবুল ইসলামের দুই ছেলে আরাফাত হোসেন (৮) ও মিহাদ হোসেন (৫) নির্যাতিত হয়। মুঠোফোন চোর সন্দেহে তাদের বাড়ি থেকে ধরে প্রতিবেশী মিজানুর রহমানসহ কয়েকজন পুকুরে নিয়ে মারধর করে। পরে দুই শিশুকে পানিতে চুবিয়ে হত্যার চেষ্টা এবং রাস্তার পাশে ময়লা পানি খাওয়ানো হয়।

শিশুদের বাবা মাহাবুল আলম বাদী হয়ে পাঁচজনকে আসামি করে গতকাল থানায় মামলা দায়ের করেন। এরপর পুলিশ গাজীপুর থেকে অভিযুক্ত মো. আবদুল্লাহ আল মাসুম (২৮)-কে দিবাগত রাত সোয়া দুইটার দিকে গ্রেপ্তার করে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন বলেন, ‘মুঠোফোন চুরির অভিযোগ এনে দুই শিশুকে নির্যাতনের ঘটনা নজরে আসার পর পুলিশ তদন্ত শুরু করে। ইতিমধ্যে মামলা হয়েছে। শিশুদের পানিতে চোবানো ব্যক্তিকে আমরা গ্রেপ্তার করেছি। জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।’