যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) চীনে তৈরি মোবাইল অ্যাপ ব্যবহারে গোপনীয়তা ও তথ্য নিরাপত্তার ঝুঁকি বাড়ছে বলে দেশের নাগরিকদের সতর্ক করেছে। কোনো নির্দিষ্ট অ্যাপের নাম না উল্লেখ করে সংস্থাটি জানিয়েছে, এসব অ্যাপে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও সংরক্ষণের ক্ষেত্রে উদ্বেগজনক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, যা নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

ইন্টারনেট ক্রাইম কমপ্লায়েন্ট সেন্টার প্ল্যাটফর্মে সম্প্রতি প্রকাশিত এক ঘোষণায় এফবিআই বলেছে, যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি ডাউনলোড ও আয়কারী অনেক অ্যাপই বিদেশি প্রতিষ্ঠানের তৈরি, যার বড় অংশ চীনে অবস্থিত। চীনে পরিচালিত প্রযুক্তিগত অবকাঠামোর অ্যাপগুলো দেশটির জাতীয় নিরাপত্তা আইনের আওতায় পড়ে। ফলে প্রয়োজনে চীন সরকার এসব অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীদের তথ্যে প্রবেশাধিকার পেতে পারে, এমন আশঙ্কা অস্বীকার করা যায় না। কিছু অ্যাপ সীমিত অনুমতি পেলেও নিয়মিত তথ্য সংগ্রহ করে এবং অ্যাপ চালু না থাকলেও এ ঝুঁকি থেকে যায়। ডিফল্ট অনুমতি ব্যবহার করে এসব অ্যাপ যোগাযোগ তালিকা, নাম, ফোন নম্বর, ই-মেইল ঠিকানা, ব্যবহারকারী পরিচিতি নম্বর, ঠিকানাসহ বিভিন্ন সংবেদনশীল তথ্য সংগ্রহ করতে পারে।

চীনা অ্যাপগুলোর গোপনীয়তা নীতিতে সংগৃহীত তথ্য কোথায় এবং কতদিন সংরক্ষিত হবে তা সাধারণত উল্লেখ থাকে। তবে কিছু ক্ষেত্রে এ তথ্য চীনের সার্ভারে রাখা হয় এবং নির্মাতা প্রতিষ্ঠান চাইলে দীর্ঘ সময় ধরে সংরক্ষণ করতে পারে। আবার কিছু অ্যাপে তথ্য আদান-প্রদানের সম্মতি বাধ্যতামূলক করা হয়েছে, যা ব্যবহারকারীদের বিকল্পের সুযোগ সীমিত করে।

এফবিআই চীনা অ্যাপে নিজেদের তথ্য সুরক্ষায় অপ্রয়োজনীয় তথ্য শেয়ার বন্ধ রাখতে, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে এবং কেবল নির্ভরযোগ্য উৎস থেকে যাচাইকৃত অ্যাপ ডাউনলোড করার পরামর্শ দিয়েছে। সংস্থাটি বলছে, সুবিধার্থে অনেকে সহজ পাসওয়ার্ড বেছে নেন, যা ‘ব্রুট-ফোর্স’ সাইবার আক্রমণের ঝুঁকি বাড়ায়।

উল্লেখ্য, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে পাস হওয়া একটি আইনের আওতায় চীনে তৈরি টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সকে যুক্তরাষ্ট্রের কার্যক্রম পরিচালনার মালিকানা হস্তান্তরে বাধ্য করা হয়। এরই ধারাবাহিকতায় এ বছরের শুরুতে টিকটক নিজেদের মার্কিন কার্যক্রমের নিয়ন্ত্রণ ওরাকল, সিলভার লেক এবং বিনিয়োগকারী প্রতিষ্ঠান এমজিএক্সের নেতৃত্বাধীন একটি যৌথ উদ্যোগের কাছে হস্তান্তর করেছে।

সূত্র: ব্লিপিং কম্পিউটার