আটলান্টিক কাউন্সিলের জ্যেষ্ঠ উপদেষ্টা ও সাবেক মার্কিন নৌ-কর্মকর্তা হারলান উলম্যান বলছেন, ইরানে বিধ্বস্ত এফ–১৫ই যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারের যেকোনো মার্কিন অভিযান ‘অত্যন্ত বিপজ্জনক’ হবে।

উলম্যানের মতে, এই অভিযানে মার্কিন সামরিক বাহিনী সম্ভবত হেলিকপ্টার ও এসি–১৩০ গানশিপ ব্যবহার করে পদাতিক বাহিনী নামাবে। এসব যান খুব নিচু উচ্চতায় ওড়ে, ফলে শত্রুপক্ষের আক্রমণের ব্যাপক ঝুঁকিতে পড়ার সম্ভাবনা থাকে।

তিনি বলেন, ‘আমাদের উদ্ধারকারী দলগুলো অবশ্য এই কাজে বিশ্বের সেরা। নিখোঁজ ক্রু সদস্যকে ফিরিয়ে আনতে তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করবে। তবে বড় প্রশ্ন হলো—পাইলট এখন কী অবস্থায় আছেন? প্যারাস্যুটে নামার সময় তিনি কি আহত হয়েছেন? তাঁর কাছে কি বেঁচে থাকার মতো পর্যাপ্ত রসদ আছে? আর আমরা কি তাঁকে উদ্ধারের জন্য যথেষ্ট দ্রুত সেখানে পৌঁছাতে পারব?’

সাবেক মার্কিন নৌ–কর্মকর্তা আরও বলেন, এই অভিযানে দীর্ঘ সময়ের জন্য স্থল সেনা মোতায়েনের সম্ভাবনা কম। বরং এটি হবে একটি ‘ইন অ্যান্ড আউট’ অপারেশন অর্থাৎ দ্রুত গিয়ে দ্রুত ফিরে আসা।

অভিযানের প্রক্রিয়া হবে এমন—প্রথমে বিধ্বস্ত পাইলটের সঠিক অবস্থান শনাক্ত করা। এরপর সেই এলাকাকে চারপাশ থেকে বিচ্ছিন্ন করে ফেলা, যাতে শত্রুপক্ষ কাছে না আসতে পারে। সবশেষে হেলিকপ্টারে করে দ্রুত পাইলটকে তুলে নিয়ে আসা।

উলম্যান যোগ করেন, এই অভিযান যত দ্রুত সম্ভব শেষ করতে হবে। কারণ, ইরান ইতিমধ্যেই ব্যাপক তল্লাশি শুরু করেছে এবং ‘একজন মার্কিনিকে জীবিত বন্দী করা তাদের বড় স্বার্থের বিষয়।’