জিএসটি গুচ্ছের ২০টি সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক বি ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার (৩ এপ্রিল) দেশের ২১টি কেন্দ্রে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টার এই পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়।
বি ইউনিটে মোট ৯৩ হাজার ১০২ জন আবেদনকারীর মধ্যে ৭৬ হাজার ৭৬২ জন পরীক্ষায় উপস্থিত হন, যা মোটের ৮২.৪৫ শতাংশ। সর্বোচ্চ উপস্থিতি নেত্রকোনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৮৮.৮১ শতাংশ এবং সর্বনিম্ন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৬১ শতাংশ। ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মনজুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
অন্যান্য কেন্দ্রে কোনো বড় অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটলেও ইবি কেন্দ্রে প্রবেশকালে জাল অ্যাডমিট কার্ড নিয়ে একজন ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থী ধরা পড়েন। পরে দায়িত্বরত ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান তাকে চেক করে মুচলেকায় ছেড়ে দেন।
অধ্যাপক মনজুরুল হক বলেন, প্রায় সব কেন্দ্রে উপস্থিতির সংখ্যা ভালো ছিল। তবে দু–একটি কেন্দ্রে উপস্থিতির সংখ্যা কম ছিল। অনুপস্থিতির হার ১৭.৫৫ শতাংশ, অর্থাৎ ১৬ হাজার ৩৪০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। প্রক্রিয়া শেষে শিগগিরই বি ইউনিটের ফলাফল প্রকাশ করা হবে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সমন্বিত ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘যেহেতু গত পরীক্ষাটি খুব সুন্দরভাবে হয়েছে, অন্য বিশ্ববিদ্যালয়গুলো থেকে অভিযোগ আসেনি, সে ক্ষেত্রে আমরা অনুমান করে নিতে পারি, সবকিছু ঠিকঠাকই আছে। বড় ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়নি। শিক্ষার্থীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে নির্দেশনাই দেওয়া আছে।’
২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ে মোট ২ লাখ ৮৪ হাজার ৪৮০ জন ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থী আবেদন করেন। এর মধ্যে এ ইউনিটে ১ লাখ ৬৬ হাজার ২৪০ জন আবেদন করেন। আগামী ১০ এপ্রিল এ ইউনিটের (বিজ্ঞান) ও আর্কিটেকচারের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।






