রমজান মাসজুড়ে ছুটির কারণে শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণের জন্য আজ শনিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা হয়েছে। আজসহ পরবর্তী ৯টি শনিবার সাপ্তাহিক ছুটি বাতিল করে নিয়মিত পাঠদান চলবে। এই নির্দেশনা আগেই দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। গত ২৪ মার্চ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের এই নির্দেশ জারি করে।
নির্দেশনাপত্রে উল্লেখ করা হয়েছে, রমজান মাসজুড়ে বিদ্যালয় ছুটি ঘোষণা করায় শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে রমজানের ছুটির পর শ্রেণি কার্যক্রম শুরুর পরবর্তী শনিবার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাঠদান পরিচালনা করার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা মুক্তকণ্ঠকে বলেন, "বার্ষিক যে কর্মপরিকল্পনা আছে, তা শেষ করার জন্যই শিক্ষকদের সঙ্গে আলোচনা করেই তাঁদের সম্মতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
পবিত্র রমজান, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবসের উপলক্ষে গত ১৯ ফেব্রুয়ারি থেকে দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করে সরকার। এই ছুটি ২৬ মার্চ পর্যন্ত চলে। ২৬ মার্চ বৃহস্পতিবার হওয়ায় শিক্ষক-কর্মচারীরা ২৮ মার্চ পর্যন্ত ছুটি পান। এর মধ্যে দুদিন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক বন্ধ ছিল।






