দেশের টাইলস ও স্যানিটারি ওয়্যার প্রস্তুতকারক এক্স সিরামিকস গ্রুপ উত্তর আমেরিকার সবচেয়ে বড় সিরামিক টাইলস ও প্রাকৃতিক পাথর প্রদর্শনী ‘কভারিংস ২০২৬’-এ অংশ নিয়েছে। গত ৩০ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্রের লাস ভেগাস কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রস্তুতকারক, স্থপতি, ডিজাইনার ও সিরামিক শিল্পের উদ্যোক্তারা সমবেত হয়েছিলেন। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এক্স সিরামিকস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহিন মাজহার এবং উপদেষ্টা মুহাম্মদ শহিদুজ্জামান কোম্পানির প্রতিনিধিত্ব করেন প্রদর্শনীতে। চলাকালীন তাঁরা আন্তর্জাতিক অংশীদার, ক্রেতা ও শিল্পের পেশাদারদের সঙ্গে আলোচনা-পরামর্শ করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, লাস ভেগাস কনভেনশন সেন্টারের নর্থ হলে ছিল এক্স সিরামিকসের স্টল। সেখানে কোম্পানির সর্বশেষ উদ্ভাবন ও উন্নত পণ্য প্রযুক্তি প্রদর্শিত হয়েছে। এতে মূলত আধুনিক সিরামিক উৎপাদনে বাংলাদেশের দক্ষতা তুলে ধরা হয়েছে।






