মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে, অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি আর তাঁর পদে নেই। গতকাল বৃহস্পতিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি বন্ডিকে আইন প্রয়োগকারী শীর্ষ পদ থেকে সরানোর বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে বেশ কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যৌন নিপীড়ক জেফরি এপস্টিনের তদন্তসংক্রান্ত নথিগুলো সামলানোর ব্যাপারে পাম বন্ডির ভূমিকায় ট্রাম্প অসন্তুষ্ট ছিলেন। এ কারণে তিনি বন্ডিকে বরখাস্ত করার কথা ভেবেছিলেন।

ট্রাম্প জানিয়েছেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ সাময়িকভাবে অন্তর্বর্তী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন। ট্রুথ সোশ্যাল পোস্টে তিনি লিখেছেন, পাম বন্ডি যুক্তরাষ্ট্রের মহা দেশপ্রেমিক এবং বিশ্বস্ত বন্ধু, যিনি গত বছরজুড়ে বিশ্বস্ততার সঙ্গে আমার অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তবে বন্ডিকে বরখাস্তের সুনির্দিষ্ট কোনো কারণ পোস্টে উল্লেখ করেননি ট্রাম্প। তিনি কেবল লিখেছেন, ‘আমরা পামকে ভালোবাসি।’ ট্রাম্প আরও বলেছেন, বন্ডি এখন বেসরকারি খাতে ‘অত্যন্ত প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ’ নতুন একটি কাজে যোগ দেবেন।

বন্ডির আগে ট্রাম্প আকস্মিকভাবে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মন্ত্রী ক্রিস্টি নোমকে বরখাস্ত করেন। মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প এখন লি জেলডিনকে বিচার বিভাগের পরবর্তী দায়িত্ব দেওয়ার কথা ভাবছেন। জেলডিন বর্তমানে মার্কিন এনভায়রনমেন্টাল প্রটেকশন এজেন্সির (ইপিএ) প্রধান হিসেবে কাজ করছেন।

যৌন নিপীড়নের দায়ে দোষী সাব্যস্ত জেফরি এপস্টিনের ২০১৯ সালে কারাগারে মৃত্যু হয়। এপস্টিন–সংক্রান্ত নথিতে বারবার ট্রাম্পের নাম উঠে এসেছে। কংগ্রেসে পাস হওয়া একটি বিলের আওতায় মার্কিন বিচার বিভাগ এপস্টিন–সংক্রান্ত নথিগুলো প্রকাশ করতে বাধ্য হয়। বন্ডি বিচার বিভাগের নেতৃত্বে থাকা অবস্থাতেই এ নথিগুলো প্রকাশিত হয়েছে। তবে আইনপ্রণেতাদের অভিযোগ, নথিগুলো পূর্ণাঙ্গভাবে প্রকাশ করা হয়নি।