পশ্চিম এশিয়ার যুদ্ধের কারণে জ্বালানির সংকট দেখা দিলেও ভারত প্রতিবেশী দেশগুলোর প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে রেখেছে। নিজস্ব চাহিদা পূরণের পাশাপাশি প্রতিবেশীদেরও সাহায্য করছে ভারত। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই বিষয়ে বিস্তারিত জানান।
সাপ্তাহিক ব্রিফিংয়ে জ্বালানি সংকটে প্রতিবেশীদের পাশে থাকার বিষয়ে প্রশ্নের জবাবে মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, "বাংলাদেশকে ভারত জ্বালানি দিচ্ছে ২০০৭ সাল থেকেই। এ বিষয়ে দুই দেশের বাণিজ্যিক বোঝাপড়া রয়েছে। এই সহযোগিতা আজও অব্যাহত।" শ্রীলঙ্কার জ্বালানির চাহিদা মেটাতেও ভারত সাহায্য করেছে। সম্প্রতি শ্রীলঙ্কাকে ৩৮ হাজার মেট্রিক টন পেট্রোপণ্য সরবরাহ করা হয়েছে, যা তারা চেয়েছিল। নেপাল ও ভুটানের সঙ্গে সহযোগিতাও চলছে বলে তিনি জানান।
জয়সোয়াল আরও বলেন, সম্প্রতি মালদ্বীপ সরকার ভারতের কাছে স্বল্প ও দীর্ঘমেয়াদি পেট্রোপণ্য সরবরাহের অনুরোধ জানিয়েছে। নিজেদের প্রয়োজন ও মজুত বিবেচনা করে এই অনুরোধ নিয়ে আলোচনা চলছে। জ্বালানি পরিস্থিতি নিয়ে মরিশাস ও সেশেলসের সঙ্গেও যোগাযোগ রয়েছে। তবে ওই দুই দেশ কোনো সরবরাহের অনুরোধ করেনি।
ব্রিফিংয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের আসন্ন ভারত সফর নিয়েও প্রশ্ন ওঠে। এ সফরে ভারতের প্রত্যাশা জানতে চাওয়ায় মুখপাত্র বলেন, সফর চূড়ান্ত হলে ঠিক সময়ে সব জানানো হবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে (আইসিটি) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো চিঠি নিয়ে ভারতের অভিমত জানতে চাওয়ায় জয়সোয়াল কোনো মন্তব্য করেননি।






