নরসিংদীর রায়পুরা উপজেলায় হয়রানিমূলক মামলায় এক কৃষককে গ্রেপ্তারের অভিযোগ তুলে স্থানীয় লোকজন ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বেলা একটা পর্যন্ত ধুকুন্দি-চারাবাগ এলাকায় এ কর্মসূচি চলতে থাকে।
এ অবরোধের ফলে মহাসড়কের দুপাশে অন্তত ১০ কিলোমিটার এলাকায় তীব্র যানজট হয়। পরবর্তীতে স্থানীয় প্রশাসন ও পুলিশের আশ্বাস পেয়ে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয় বলে জানান রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান।
বিক্ষোভকারীদের জানানো, কৃষিনির্ভর এলাকায় পরিবেশের প্রতি তোয়াক্কা না করে দীর্ঘদিন ধরে দুটি প্রতিষ্ঠান মাছ ও মুরগির খাবার উৎপাদন করে আসছে। এসব কারখানার পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় আশপাশের কৃষিজমিতে চাষাবাদ বাধাগ্রস্ত হয়েছে। স্থানীয় কৃষকেরা উভয় কর্তৃপক্ষকে বিষয়টি জানালেও সমস্যা সমাধানে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বরং কারখানা দুটি বিভিন্ন সময় পুলিশের মাধ্যমে হয়রানি করে আসছে। এরই মধ্যে গতকাল বুধবার একটি কারখানার মিথ্যা মামলায় স্থানীয় কৃষক শাহিন মিয়া (৪০) কে পুলিশ গ্রেপ্তার করে। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় কৃষকেরা আজ মহাসড়ক অবরোধ করে।
এ বিষয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, সম্প্রতি কারখানাগুলোয় হামলা ও ভাঙচুরের অভিযোগে তিন দিন আগে থানায় মামলা হয়। ওই মামলার আসামি হিসেবে কৃষকটিকে গ্রেপ্তার করা হয়েছে।
রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা জানান, এক সপ্তাহের মধ্যে কারখানা কর্তৃপক্ষসহ সব পক্ষ নিয়ে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করা হবে। তিনি বলেন, এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি, উপজেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে।






