ভারতের মধ্য ত্রিপুরার ধলাই জেলায় মঙ্গলবার টিপরা মোথা এবং বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে ত্রিপুরা স্টেট রাইফেলস (টিএসআর) জওয়ানসহ ত্রিপুরা পুলিশের অন্তত ১৫ নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। ধলাই জেলার কমলপুরের লাম্বো অঞ্চলে এ ঘটনা ঘটে।

স্থানীয় বিধায়ক ও সাবেক মন্ত্রী মনোজ কান্তি দেবের নেতৃত্বে বিজেপির একটি মিছিল ওই অঞ্চল দিয়ে যাওয়ার সময় তার ওপর হামলা হয় বলে ক্ষমতাসীন বিজেপি অভিযোগ করেছে। ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা গেছে, এলাকায় উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে পুলিশ ও টিএসআর কর্মীদের লক্ষ্য করে পাথর ও ইটের টুকরো ছোড়া হচ্ছে।

পুলিশ স্থানীয় প্রচারমাধ্যমকে জানিয়েছে, সহিংসতায় অন্তত ১৫ জন নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। বিজেপির স্থানীয় নেতারা জানিয়েছেন, মিছিলের সঙ্গে থাকা চার থেকে পাঁচটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। হামলাকারীদের টিপরা মোথার সমর্থক বলে বিজেপির সমর্থকেরা ধারণা করছেন।

১৩ এপ্রিল ত্রিপুরার আদিবাসী এলাকা স্বায়ত্তশাসিত জেলা পরিষদের (এডিসি) ২৮ আসনে নির্বাচন হবে। ২০২১ সালের শেষ এডিসি নির্বাচনে ২৮ আসনের মধ্যে ১৬টি আসন পেয়ে জিতেছিল ত্রিপুরার রাজা প্রদ্যুৎ দেবের দল টিপরা মোথা। কিন্তু এবার বিজেপি বড় ধরনের প্রচার শুরু করেছে। বিজেপি নেতাদের বক্তব্য, আদিবাসী অঞ্চলে তাঁদের জনভিত্তি বেড়েছে। ফলে রাজার দল নয়, এবার তাঁরাই জিতবেন।

যদিও স্থানীয় মানুষ তেমনটা মনে করছেন না। ত্রিপুরার এক সাংবাদিক মুক্তকণ্ঠকে বলেন, ‘আশা করা যায়, আদিবাসী অঞ্চলে শেষ পর্যন্ত জিতবে আদিবাসীদের দল। তবে এবারে আদিবাসী অধ্যুষিত পার্বত্য অঞ্চলে সমানে সমানে লড়াইয়ের একটা সম্ভাবনা রয়েছে। সে কারণেই অঞ্চলে উত্তেজনা বেড়েছে এবং আক্রমণ হয়েছে বিজেপির মিছিলের ওপর।’

বিজেপি শাসিত ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেছেন, আদিবাসী অঞ্চলের লড়াইয়ে হারবেন বুঝতে পেরেই মোথা সমর্থকেরা হিংসার আশ্রয় নিয়েছেন। মুখ্যমন্ত্রীর বক্তব্য, অঞ্চলে গত পাঁচ বছরে বিশেষ কাজ করেনি টিপরা মোথা, সে কারণেই তাদের ভোটাররা দলের ওপরে খেপে রয়েছেন।

স্থানীয় লোকজন বিজেপির মিছিলের ওপরে মোথা সমর্থকদের এই হামলার অন্য কারণের কথা বলছেন। তাঁদের ভাষ্যমতে, অঞ্চলের আসারামবাড়ি আসনে গতবারের মতোই লড়ছেন বিজেপি প্রার্থী অনন্ত দেববর্মা। দেববর্মা একজন সাবেক সঙ্গী নেতা। কিন্তু সমস্যা অন্য জায়গায়।

ওই জ্যেষ্ঠ সাংবাদিকের কথায়, ‘দেববর্মার বড় পরিচয় হলো তিনি টিপরা মোথার সদ্য সাবেক হয়ে যাওয়া এক নেতা। শুধু সাধারণ নেতাই নন, ২০২১ সালের এডিসি নির্বাচনে টিপরা মোথার জয়ের পরে, মোথা পরিচালিত টিটিএএডিসি কাউন্সিলে দেববর্মা একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। অর্থাৎ পার্বত্য অঞ্চলে যে স্বশাসিত বোর্ড, তিনি সেই বোর্ডের কার্যত একজন মন্ত্রী ছিলেন। তিনি ধরে নিয়েছিলেন যে মোথা এবারে তাঁকে মনোনয়ন দেবে না। তাই মোথার প্রার্থী তালিকা ঘোষণার ঠিক আগে বিজেপিতে যোগ দিয়ে তিনি তাঁর পছন্দের আসারামবাড়ি আসন থেকে লড়ার সিদ্ধান্ত নেন। স্বাভাবিকভাবেই এতে প্রবল খেপে যান মোথার সমর্থকেরা, যাঁরা কয়েক দিন আগেও দেববর্মার জন্য কাজ করছিলেন।’

গত মঙ্গলবার বিজেপি কর্মকর্তাদের নিয়ে দেববর্মা প্রচারে বের হন। মিছিলটি আদিবাসী অধ্যুষিত লাম্বো এলাকায় পৌঁছাতেই জনতার এক বিশাল বাহিনী দেববর্মার সমর্থকদের ওপর হামলা চালায়। এ ঘটনায় বিধায়ক মনোজ কান্তি দেবের গাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকায় নিরাপত্তাকর্মীর সংখ্যা বাড়ানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ জানিয়েছে।