বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে মহানগর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে (বিশ্ববিদ্যালয় বাদে) অনলাইন ও সশরীর মিলিয়ে ব্লেন্ডেড ক্লাস চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানায়, আগামীকাল বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।
মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, আপাতত সপ্তাহে ছয় দিন ক্লাস হবে। এর মধ্যে জোড়-বিজোড় মিলিয়ে তিন দিন অনলাইন এবং তিন দিন সশরীর পাঠদানের পরিকল্পনা রয়েছে। অর্থাৎ একদিন অনলাইন ক্লাস হলে পরের দিন সশরীর ক্লাস নেওয়া হবে। অনলাইন ক্লাসের সময়ও শিক্ষকরা সশরীর উপস্থিত থেকে পড়াবেন। তবে ব্যবহারিক ক্লাসগুলো সশরীর হবে।
পবিত্র রমজান, ঈদুল ফিতরসহ বিভিন্ন উপলক্ষে প্রায় ৪০ দিনের ছুটির পর গত রোববার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলেছে। এর মধ্যে মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে অনেক দেশ জ্বালানি সংকটে পড়েছে, যার প্রভাব বাংলাদেশেও পড়েছে। এই পরিস্থিতিতে জ্বালানির চাপ কমাতে শিক্ষাপ্রতিষ্ঠানে আংশিক অনলাইন ক্লাস চালুর প্রস্তাব এসেছে।
এদিকে, আজ বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে এক সভা হয়েছে। সেখানে এই মন্ত্রণালয়ের অধীন বিদ্যালয়গুলোতে জ্বালানি সাশ্রয়ের উপায় নিয়ে আলোচনা হয়েছে বলে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা মুক্তকণ্ঠকে জানিয়েছেন।






