এনগ্যাজেটের এক প্রতিবেদনে জানানো হয়েছে, শীঘ্রই ইনস্টাগ্রামে অন্যের স্টোরি গোপনে বা পরিচয় গোপন রেখে দেখা যাবে। প্রতিবেদন অনুসারে, সোশ্যাল মিডিয়া পরামর্শক ম্যাট নাভারা থ্রেডসে ‘ইনস্টাগ্রাম প্লাস’ নামক সম্ভাব্য নতুন সেবার স্ক্রিনশট শেয়ার করেছেন। এই সাবস্ক্রিপশনভিত্তিক সেবা ফিলিপাইন ও মেক্সিকোতে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে।
ফিলিপাইন ও মেক্সিকোর ব্যবহারকারীরা সম্প্রতি ‘ইনস্টাগ্রাম প্লাস’ ব্যবহারের সুযোগ পেয়েছেন। এ থেকে ধারণা করা হচ্ছে, বিশ্বব্যাপী চালু করার আগে মেটা নির্দিষ্ট অঞ্চলে এর পরীক্ষা চালাচ্ছে। মেটা কর্তৃপক্ষ এনগ্যাজেটের কাছে এই ‘প্লাস’ সেবার চালুর সত্যতা নিশ্চিত করেছে।
সেবাটি চালু হলে ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা বিভিন্ন বিশেষ সুবিধা পাবেন, যার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হলো স্টোরি ‘প্রিভিউ’ বা গোপনে দেখার সুবিধা। ম্যাট নাভারা যে স্ক্রিনশট পোস্ট করেছেন, তাতে একটি চোখের আইকন দেখা যাচ্ছে যার ওপর আড়াআড়ি দাগ টানা। এর অর্থ, ইনস্টাগ্রাম প্লাস ব্যবহারকারীরা স্টোরি দেখলেও ভিউয়ার লিস্টে তাঁদের নাম জমা হবে না।
‘ইনস্টাগ্রাম প্লাস’-এ আরও কয়েকটি সুবিধা যুক্ত থাকবে। সেবাটির জন্য অর্থ দিয়ে সাবস্ক্রাইব করলে ব্যবহারকারীরা ৪৮ ঘণ্টা স্থায়ী স্টোরি পোস্ট করতে পারবেন, একটি স্টোরির জন্য একাধিক অডিয়েন্স নির্ধারণ করতে পারবেন এবং কারা তাঁদের স্টোরি পুনরায় দেখেছে তা জানতে পারবেন।
সূত্র: ম্যাশেবল






