বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কসহ শীর্ষ পাঁচ ধনীর সম্পদ এক মাসে মোট ৮৮ বিলিয়ন ডলার কমেছে। ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবে শেয়ারবাজারের অবনমন এর প্রধান কারণ।

আজ বুধবার ফোর্বস সাময়িকী এপ্রিল মাসের শীর্ষ ১০ ধনীর সম্পদের তালিকা প্রকাশ করেছে। এতে দেখা গেছে, ইলন মাস্কের সম্পদ ২২ বিলিয়ন ডলার কমে এখন ৮১৭ বিলিয়ন বা ৮১ হাজার ৭০০ কোটি ডলার। অন্যান্যরা হলেন গুগলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি পেজ, অ্যামাজনের জেফ বেজোস, গুগলের সহপ্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন এবং মেটা (ফেসবুক) প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।

শীর্ষ ৫ ধনীর এই হ্রাসকৃত সম্পদ বর্তমান বাজারদরে ১০ লাখ ৭৩ হাজার ৬০০ কোটি টাকা। এটি বাংলাদেশের চলতি অর্থবছরের ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেটের চেয়েও বেশি।

বিশ্লেষকদের মতে, ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবে শেয়ারবাজারের সূচকের নিম্মোচন, তেলের দামবৃদ্ধি সহ বিভিন্ন কারণে এমনটা হয়েছে। ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্রসহ বিশ্বব্যাপী শেয়ারবাজার অনিশ্চয়তায় পড়েছে। বিনিয়োগকারীরা ঝুঁকি এড়াতে শেয়ার বিক্রি শুরু করলে ফেব্রুয়ারির শেষ থেকে মার্চ জুড়ে এসঅ্যান্ডপি ৫০০ প্রায় ৮ শতাংশ, ডাও জোন্স ৭ শতাংশ এবং নাসডাক সূচক উল্লেখযোগ্যভাবে পড়ে যায়। প্রযুক্তি ও ভোক্তা খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। খবর রয়টার্স।

মূলত শেয়ারের দাম হ্রাস পাওয়ায় এই অতিধনীদের সম্পদের মূল্য কমেছে। ফোর্বস অনুসারে, গত ৩ ফেব্রুয়ারি ইলন মাস্ক ইতিহাসে প্রথম ৮০০ বিলিয়ন বা ৮০ হাজার কোটি ডলারের বেশি সম্পদের মালিক হন। তাঁর রকেট কোম্পানি স্পেসএক্স তাঁর কৃত্রিম বুদ্ধিমত্তা ও সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানি এক্সএআই অধিগ্রহণের পর এই মাইলফলক অর্জিত হয়। ফোর্বসের হিসাবে, এই চুক্তিতে কোম্পানির সম্মিলিত মূল্য ১ দশমিক ২৫ ট্রিলিয়ন ডলার দাঁড়ায়। ফলে মাস্কের সম্পদ ৮৪ বিলিয়ন ডলার বেড়ে ৮৫২ বিলিয়ন বা ৮৫ হাজার ২০০ কোটি ডলার হয়।

এখন ল্যারি পেজের সম্পদ ২৩৭ বিলিয়ন বা ২৩ হাজার ৭০০ কোটি ডলার, যা ২০ বিলিয়ন ডলার কমেছে। জেফ বেজোসের সম্পদ ২২৩ বিলিয়ন বা ২২ হাজার ৩০০ কোটি ডলার, ১ বিলিয়ন ডলার হ্রাস। সের্গেই ব্রিনের ২১৯ বিলিয়ন বা ২১ হাজার ৯০০ কোটি ডলার, ১৮ বিলিয়ন ডলার কম। মার্ক জাকারবার্গের সম্পদও ২১৯ বিলিয়ন বা ২১ হাজার ৯০০ কোটি ডলার, যা শীর্ষ ৫-এর মধ্যে সবচেয়ে বেশি ২৭ বিলিয়ন ডলার কমেছে।

পুঁজিবাজারের ওঠানামার সঙ্গে এই অতিধনীদের সম্পদ প্রতি মুহূর্তে বদলায়। ফোর্বসের রিয়েলটাইম তালিকা এর প্রমাণ দেয়।