ই-মেইল ঠিকানা আমাদের ডিজিটাল পরিচয়ের একটি অবিচ্ছেদ্য অংশ। জিমেইল অ্যাকাউন্টের ব্যাপক ব্যবহারকারীদের জন্য গুগল নতুন সুবিধা চালু করেছে, যার মাধ্যমে কোনো তথ্য হারানো ছাড়াই অ্যাকাউন্টের ঠিকানার প্রথম অংশ বদলানো যাবে। এর ফলে পুরোনো বা অপ্রাসঙ্গিক ঠিকানার জন্য নতুন অ্যাকাউন্ট খুলতে হবে না।
গুগল জানিয়েছে, এই নতুন সুবিধায় জিমেইল ঠিকানার @gmail.com-এর আগের অংশ পরিবর্তন করা সম্ভব। ঠিকানা বদলালেও পুরোনো ঠিকানা সক্রিয় থাকবে, ফলে পুরোনো বা নতুন উভয় ঠিকানায় পাঠানো ই-মেইল একই ইনবক্সে জমা হবে। প্রয়োজনে পুরোনো ঠিকানা থেকেও ই-মেইল পাঠানো যাবে। এতে বিভিন্ন সেবার জন্য ঠিকানা আপডেটের ঝক্কি কমবে এবং অ্যাকাউন্টের সব ই-মেইল, ছবি ও অন্যান্য তথ্য অটুট থাকবে।
জিমেইল ঠিকানা পরিবর্তনের প্রক্রিয়া ডেস্কটপ, অ্যান্ড্রয়েড ও আইওএস সব প্ল্যাটফর্মে একই রকম। প্রথমে গুগল অ্যাকাউন্টে সাইন ইন করে ‘পারসোনাল ইনফো’ অংশে গিয়ে ‘চেঞ্জ গুগল অ্যাকাউন্ট ই–মেইল’ অপশন বেছে নিতে হবে। সেখানে পছন্দের নতুন ইউজারনেম লিখলেই তাৎক্ষণিকভাবে বোঝা যাবে সেটি উপলব্ধ কি না। গুগল জানিয়েছে, ইউজারনেম পরিবর্তনে কিছু সীমাবদ্ধতা রয়েছে। যেকোনো সময় পুরোনো (বিকল্প) ঠিকানায় ফিরে যাওয়া যাবে, তবে নতুন নাম বাছাইয়ে সতর্কতা অবলম্বন করতে হবে কারণ সর্বোচ্চ তিনবার ইউজারনেম পরিবর্তনের অনুমতি আছে।
প্রযুক্তিবিশ্বে বেশ কিছুদিন ধরেই জিমেইলে ঠিকানা পরিবর্তনের সুবিধা চালুর বিষয়টি নিয়ে আলোচনা চলছিল। গুগল জানিয়েছে, সুবিধাটি পর্যায়ক্রমে সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হচ্ছে।
সূত্র: জেডডিনেট






