ঢাকায় ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি জানিয়েছেন, ইরান ইস্যুতে বাংলাদেশ সরকারের দেওয়া বিবৃতি নিয়ে তেহরান সন্তুষ্ট নয়। তারা প্রত্যাশা করেছিল, বাংলাদেশ আগ্রাসী শক্তির ভূমিকার স্পষ্ট নিন্দা করবে।

আজ বুধবার ঢাকার ইরান দূতাবাসে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রদূত বলেন, ‘ইরান ইস্যুতে বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি। এই বিবৃতি আরও স্পষ্ট হওয়া উচিত ছিল। বাংলাদেশ মুসলিম রাষ্ট্র। আমাদের ভাই (বাংলাদেশ) হিসেবে ইরানে আগ্রাসী শক্তির বিরুদ্ধে নিন্দা করবে—এটাই আমাদের প্রত্যাশা ছিল, সেটা হয়নি। এটা আমাদের জন্য কষ্টের।’

বাংলাদেশের বিবৃতি নিয়ে অসন্তুষ্টি জানিয়ে ঢাকাকে কোনো চিঠি দেবে কি না জানতে চাওয়ায় তিনি বলেন, ইরানের পক্ষ থেকে কোনো চিঠি দেওয়া হবে না। তবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকারে বিষয়টি তিনি তুলে ধরবেন।

জলিল রহিমি জাহানাবাদি আরও বলেন, বাংলাদেশ জাতিসংঘ ও ওআইসির সদস্যরাষ্ট্র হিসেবে ইরানে আগ্রাসী শক্তির বিরুদ্ধে নিন্দা জানাতে পারত। রাশিয়া ও চীন মুসলিম দেশ না হয়েও তারা এ ব্যাপারে নিন্দা জানিয়েছে।