বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগের আগের বিজ্ঞপ্তি বাতিল করে এনটিআরসিএ নতুন বিজ্ঞপ্তি জারি করেছে। এর ফলে পুরনো আবেদনগুলো বাতিল হয়েছে এবং আগ্রহী প্রার্থীদের নতুন করে আবেদন জমা দিতে হবে।
বুধবার (২৫ মার্চ ২০২৬) প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে সব তথ্য জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
এনটিআরসিএ জানায়, আবেদনকারী প্রার্থীদের আবেদন ফি অনলাইন ব্যাংকিংয়ের (নগদ, বিকাশ, রকেট ইত্যাদি) মাধ্যমে ফেরত দেওয়া হবে। তবে আগ্রহী প্রার্থীদের নতুন করে আবেদন করতে হবে। আবেদনকারীরা অনলাইন ব্যাংকিং চার্জ এবং টেলিটকের ফি বাবদ প্রদান করা টাকা ফেরত পাবেন না।
নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, তিন অধিদপ্তরের আওতায় থাকা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সহকারী প্রধানদের শূন্য পদের সর্বমোট সংখ্যা ১২ হাজার ৯৫১। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদ রয়েছে ৯ হাজার ৭০৮টি। কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায় শূন্য পদ ১১২টি এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতায় শূন্য পদ রয়েছে ৩ হাজার ১৩১টি।
নিয়োগের জন্য ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৮০ নম্বরের এমসিকিউ, ১২ নম্বর শিক্ষাগত যোগ্যতার সনদ এবং ৮ নম্বর মৌখিক পরীক্ষার জন্য বরাদ্দ থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। এমসিকিউ পরীক্ষায় পাস নম্বর ৪০ শতাংশ।






