বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) বুধবার সোনার দাম আবার বাড়িয়েছে। সংগঠনের ঘোষণা অনুযায়ী, ২২ ক্যারেট ভালো মানের সোনার দাম ভরিপ্রতি বেড়েছে ৩ হাজার ২৬৬ টাকা।
গতকাল মঙ্গলবারও ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা দাম বেড়েছিল। ফলে দুদিনে মোট বৃদ্ধি হয়েছে ৬ হাজার ৫৩২ টাকা। বাজুসের নতুন মূল্যপরিসরে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এখন ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। গত শুক্রবারের পর এভাবে ভরিপ্রতি ১৩ হাজার ১২২ টাকা বেড়েছে সোনার দাম। তার আগে টানা কিছুদিন দাম কমছিল।
অন্যান্য ক্যারেটের দাম নতুন হিসেবে: ২১ ক্যারেট ভরিপ্রতি ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেটের ২ লাখ ২ হাজার ৮৯৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা। বাজুসের ঘোষণা অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে এই দাম কার্যকর। এতে ৫ শতাংশ ভ্যাট যুক্ত হবে। তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে।
বাজুস বলছে, দেশের বাজারে তেজাবি সোনার দাম বেড়ে যাওয়ায় এই বৃদ্ধি করা হয়েছে। তবে মূলত বিশ্ববাজারের মূল্যবৃদ্ধির প্রভাবে এমনটা ঘটেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউইয়র্কের স্থানীয় সময় ১ এপ্রিল স্পট মার্কেটে সোনার দাম আউন্সপ্রতি প্রায় ২৭ ডলার বেড়েছে।
বিশ্ববাজারে এখন সোনার দাম প্রতি আউন্স ৪ হাজার ৬৭৬ ডলার। গতকাল দেশের বাজারে দাম বাড়ানোর সময় এটি ছিল ৪ হাজার ৫৫৫ ডলার। এর মধ্যে আউন্সপ্রতি ১২১ ডলার বৃদ্ধি হয়েছে। তবে গত ৩০ দিনে বিশ্ববাজারে সোনার দাম কমেছে আউন্সপ্রতি প্রায় ৪৬৪ ডলার। সেই কারণে ১২ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত দেশে ভরিতে সর্বোচ্চ ৩৫ হাজার ৫৭৫ টাকা কমানো হয়। এরপর বিশ্ববাজারে দাম বাড়ায় ২৮ মার্চ থেকে দেশের বাজারে আবার বৃদ্ধি হচ্ছে।
বিশ্বজুড়ে ভূরাজনৈতিক উত্তেজনা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা ক্রয় বৃদ্ধি ও বিনিয়োগকারীদের নিরাপদ আশ্রয়ের অনুসন্ধান—এসবের কারণে সোনার দাম অনেকদিন ধরে উঠানামা করছে। গত বছর বিশ্ববাজারে সোনার দাম ৭০ শতাংশের বেশি বেড়েছে।
অর্থাৎ সোনার দাম এখন ঐতিহাসিকভাবে অনেকটাই বেশি। ইরানের সঙ্গে ইসরায়েল–যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরু হওয়ার পর সোনার দাম কমেছে। তার সঙ্গে ডলারের শক্তিবৃদ্ধি। ফলে বিনিয়োগকারীরা এখন মার্কিন বন্ডের দিকে ঝুঁকছেন। সাধারণত সোনা ও ডলারের দাম একসঙ্গে বাড়ে না। এ দুটোর সম্পর্ক বিপরীতমুখী, তবে কখনো কখনো ব্যতিক্রম দেখা যায়। এখন সে রকম কিছু দেখা যাচ্ছে না।
গত জানুয়ারিতে স্পট মার্কেটে প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) সোনার দাম ৫ হাজার ৬০০ ডলারের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। এর প্রভাবে দেশের বাজারে ২৯ জানুয়ারি সোনার দাম বেড়ে দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকায়। দেশের ইতিহাসে এটাই সোনার সর্বোচ্চ দাম।






