ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে গেছে। এর ফলে গত এক মাসে জ্বালানির দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং সরবরাহও ব্যাহত হয়েছে।
জ্বালানি তেলের দাম বৃদ্ধি সমগ্র অর্থনীতিতে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। পরিবহন খরচ বাড়ায় নিত্যপণ্যের মূল্যও উর্ধ্বমুখী হয়। শিল্পকারখানায় উৎপাদন ব্যয় বৃদ্ধি পায় এবং কৃষিতে সেচ ও যন্ত্রের খরচ বেড়ে খাদ্যদামও ওঠে। আমদানিনির্ভর দেশগুলোতে বৈদেশিক মুদ্রার ওপর চাপ পড়ে এবং বাজেট ঘাটতি বাড়ার আশঙ্কা থাকে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নিম্ন ও মধ্যবিত্ত মানুষ, কারণ তাদের দৈনিক খরচ দ্রুত বেড়ে যায়।
তেল সরবরাহ ব্যাহতের দীর্ঘমেয়াদি প্রভাব এড়াতে বিশ্বের বিভিন্ন দেশ ইতিমধ্যে ভোক্তা ও অর্থনীতির চাপ কমানোর জন্য নানা পদক্ষেপ নিয়েছে। খবর বিবিসির। দেখা যাক, জ্বালানি সাশ্রয়ে কোন দেশ কী ব্যবস্থা নিয়েছে।
যুক্তরাজ্য
যুক্তরাজ্যে বিদ্যুতের বড় অংশ প্রাকৃতিক গ্যাস ও নবায়নযোগ্য উৎস থেকে উৎপন্ন হয়। তবু বিশ্ববাজারে তেলের দাম বাড়ায় সেখানেও দাম উঠেছে। দেশটিতে পেট্রলের দাম এখন ১৮ মাসের সর্বোচ্চ স্তরে।
সরকার জানিয়েছে, সংকটের সুযোগ নিয়ে খুচরা বিক্রেতারা অতিরিক্ত মুনাফা করলে তারা হস্তক্ষেপ করবে, যদিও পেট্রল রিটেইলার্স অ্যাসোসিয়েশন এ অভিযোগ অস্বীকার করেছে।
এদিকে, হিটিং অয়েল ব্যবহারকারী নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য মার্চে ঘোষিত ৫৩ মিলিয়ন বা ৫ কোটি ৩০ লাখ পাউন্ডের সহায়তা প্যাকেজ বাস্তবায়িত হচ্ছে।
চীন
বিশ্বের সবচেয়ে বড় তেল আমদানিকারক চীন দীর্ঘদিন ধরে সরবরাহ ঝুঁকি মোকাবিলায় প্রস্তুত। তেলের দাম কম ও সরবরাহ পর্যাপ্ত থাকাকালীন তারা বিপুল মজুত গড়ে তুলেছে। তাদের মজুত আনুমানিক ৯০ কোটি ব্যারেল, যা প্রায় তিন মাসের আমদানির সমান।
দেশীয় বাজারে দাম নিয়ন্ত্রণে চীনা কর্তৃপক্ষ সাময়িকভাবে তেলজাত পণ্য রপ্তানি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।
ভারত
ভারতের তেল মন্ত্রণালয় ২৬ মার্চ জানায়, আগামী ৬০ দিনের প্রয়োজনীয় অপরিশোধিত তেলের সরবরাহ নিশ্চিত হয়েছে। জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে, আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল কেনা বা মজুতের প্রয়োজন নেই।
ভারতের আমদানির প্রায় অর্ধেক তেল এবং উল্লেখযোগ্য এলএনজি ও পেট্রোলিয়াম গ্যাস সাধারণত হরমুজ প্রণালির মাধ্যমে আসে। তবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের সরবরাহে কমতি নেই বলে মন্ত্রণালয় জানিয়েছে। ফলে হরমুজ প্রণালির বিঘ্নে বিশেষ সমস্যা হচ্ছে না।
আয়ারল্যান্ড
জ্বালানি ব্যয় কমাতে সরকার পেট্রল ও ডিজেলের ওপর কর হ্রাস করেছে। ২৩৫ মিলিয়ন বা ২৩ কোটি ৫০ লাখ পাউন্ড ইউরোর প্যাকেজে ন্যাশনাল অয়েল রিজার্ভস এজেন্সির (নোরা) শুল্ক স্থগিত করে গৃহস্থালির জ্বালানি দাম কমানো হচ্ছে।
এছাড়া পরিবেশবান্ধব ডিজেলে শুল্ক কমানো হয়েছে এবং সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় হিটিং অয়েলের সহায়তা আরও চার সপ্তাহ বাড়ানো হয়েছে।
অস্ট্রেলিয়া
দুটি অঙ্গরাজ্যে ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারে উৎসাহিত করতে ভাড়া মওকুফ করা হয়েছে। ভিক্টোরিয়া রাজ্যে এপ্রিলজুড়ে ট্রেন, ট্রাম ও বাসে বিনা ভাড়ায় চলাচল সম্ভব। তাসমানিয়ায় জুনের শেষ পর্যন্ত বাস ও ফেরিতে ভাড়া লাগবে না।
মধ্যপ্রাচ্যের সংঘাত শুরুর পর পেট্রলের দাম লিটারপ্রতি ২ দশমিক ৩৮ অস্ট্রেলিয়ান ডলারে উঠেছে, যুদ্ধের আগে যা ছিল প্রায় ২ দশমিক শূন্য ৯ ডলার।
মিসর
জ্বালানি আমদানিনির্ভর মিসর খরচ কমাতে একগুচ্ছ সাময়িক ব্যবস্থা নিয়েছে। আগামী এক মাস প্রতিদিন রাত ৯টার মধ্যে দোকান, রেস্তোরাঁ ও ক্যাফে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সড়কবাতি ও বিজ্ঞাপনে বিদ্যুৎ ব্যবহার কমানো হয়েছে।
অপ্রয়োজনীয় কর্মীদের সপ্তাহে একদিন বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছে। পাশাপাশি পেট্রলের দাম ও গণপরিবহন ভাড়া বাড়ানো হয়েছে, জ্বালানিনির্ভর বড় প্রকল্পের গতি কমানো হয়েছে এবং সরকারি যানবাহনের জ্বালানি বরাদ্দ প্রায় এক-তৃতীয়াংশ কমানো হয়েছে।
ফিলিপাইনস
দেশটিতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। পরিবহনচালকদের ভর্তুকি, ফেরি সার্ভিস কমানো এবং সরকারি কর্মীদের চার দিনের কর্মসপ্তাহ চালু করা হয়েছে।
উপসাগরীয় অঞ্চল থেকে ৯৮ শতাংশ তেল আমদানির কারণে ডিজেল ও পেট্রলের দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে। সরকার আরও ১০ লাখ ব্যারেল তেল মজুত করার পরিকল্পনা করছে। প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস বলেছেন, "জ্বালানিনিরাপত্তা নিশ্চিত করতে সব চেষ্টাই করা হচ্ছে।"
শ্রীলঙ্কা
জ্বালানিসংকটের সাম্প্রতিক অভিজ্ঞতা শ্রীলঙ্কার আছে। ২০২২ সালের সংকটের স্মৃতি এখনো তাজা। জ্বালানি সাশ্রয়ে বুধবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
জ্বালানি রেশনিং চালু হয়েছে—গাড়ির জন্য সপ্তাহে ১৫ লিটার ও মোটরসাইকেলের জন্য ৫ লিটার সীমা নির্ধারণ করা হয়েছে।
থাইল্যান্ড
শীতাতপনিয়নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার কমাতে হালকা পোশাক পরার আহ্বান জানিয়েছে সরকার। শীতাতপনিয়নিয়ন্ত্রণের তাপমাত্রা ২৬-২৭ ডিগ্রি সেলসিয়াসে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি সংস্থার কর্মীদের বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছে।
ইথিওপিয়া
জ্বালানি সরবরাহে নিরাপত্তা বাহিনী, গুরুত্বপূর্ণ শিল্প ও প্রয়োজনীয় পণ্য উৎপাদনে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পেট্রলপাম্পে গণপরিবহনকে অগ্রাধিকার এবং জ্বালানি সাশ্রয়ে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তিগ্রা অঞ্চলে সংঘাতের আশঙ্কায় জ্বালানি সরবরাহ পুরোপুরি বন্ধ।
মিয়ানমার
ব্যক্তিগত যানবাহনে প্রতিদিন চলাচলের অনুমতি নেই। লাইসেন্স নম্বর জোড়-বিজোড় ভিত্তিতে চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে। জোড় নম্বর একদিন, বিজোড় আরেকদিন। বৈদ্যুতিক গাড়ি এ নিয়মের বাইরে। ডিজিটাল কিউআর কোডে জ্বালানি কেনাবেচায় নজরদারি চালু।
ভিয়েতনাম
জ্বালানি সাশ্রয়ে বেশি সময় ঘরে থাকার আহ্বান জানিয়েছে সরকার। সাইকেল, কারপুলিং, গণপরিবহন ব্যবহার ও অপ্রয়োজনে ব্যক্তিগত যানবাহন পরিহারের নির্দেশ।
পেট্রল ও ডিজেলের ওপর পরিবেশ সুরক্ষা কর সাময়িকভাবে তুলে নেওয়া হয়েছে এবং ভ্যাট ছাড় দেওয়া হয়েছে।
স্লোভেনিয়া
ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ হিসেবে স্লোভেনিয়া জ্বালানি রেশনিং চালু করেছে। ব্যক্তিগত গাড়িচালকদের দিনে সর্বোচ্চ ৫০ লিটার এবং ব্যবসা-কৃষকদের ২০০ লিটার পর্যন্ত সীমা।
দক্ষিণ সুদান
রাজধানী জুবায় বিদ্যুৎ রেশনিং শুরু হয়েছে। শহরের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে প্রতিদিন বিদ্যুৎ বিচ্ছিন্ন। পূর্ব আফ্রিকার দেশগুলোর মধ্যে দক্ষিণ সুদানের তেল মজুত সবচেয়ে বেশি, যদিও রপ্তানির জন্য। পরিশোধিত জ্বালানি আমদানি হয়। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার তথ্যানুসারে, ৯৬ শতাংশ বিদ্যুৎ তেলনির্ভর।






