জাপান, কোরিয়া, চীন, জার্মানি সহ বিভিন্ন দেশে ভাষা শিক্ষা কোর্সে ভর্তির জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক ১০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ প্রদান করবে। এই ঋণের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে সরাসরি টিউশন ফি প্রেরণ এবং থাকা-খাওয়ার খরচ নির্বাহ করা যাবে।
প্রবাসে চাকরির সুযোগ খুঁজছে এমন বাংলাদেশিদের সাহায্য এবং বিদেশ যাওয়া কর্মীদের ভাষা দক্ষতা ও কারিগরি মান বাড়ানোর উদ্দেশ্যে ব্যাংকটি ‘বৈদেশিক কর্মসংস্থানের উদ্দেশ্যে ভাষা শিক্ষা ও বিশেষ দক্ষতা অর্জনের জন্য ঋণ’ কর্মসূচি চালু করেছে। এই প্রকল্পের আওতায় যোগ্য আবেদনকারীরা সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত জামানত ছাড়া ঋণ পাবেন।
প্রবাসী কল্যাণ ব্যাংক জানিয়েছে, বিদেশে ভাষা শিক্ষা বা বিশেষ দক্ষতা অর্জনের আগ্রহীদের সহজ শর্তে এই ঋণ দেওয়া হবে। এর মধ্যে রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানে সরাসরি টিউশন ফি পাঠানো, বিদেশে থাকাকালীন থাকা-খাওয়ার খরচের জন্য অর্থ প্রেরণ এবং বিশেষ করে কোরিয়া, জাপান, চীন ও জার্মানি যাওয়া শিক্ষার্থীদের জন্য সহজ শর্তে ঋণের সুবিধা।
আবেদনকারীকে সংশ্লিষ্ট শাখার স্থানীয় বাসিন্দা হতে হবে এবং বয়স ৪০ বছরের কম হতে হবে। ঋণের জন্য যে দেশে যাওয়ার ইচ্ছা, সেই দেশের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অফার লেটার এবং ন্যূনতম মধ্যম পর্যায়ের ভাষা সনদ (যেমন জাপানের জন্য N5, দক্ষিণ কোরিয়ার জন্য TOPIK Level 3) দেখাতে হবে। এছাড়া আবেদনপত্রে পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের কপি, শিক্ষাগত যোগ্যতার সনদ এবং জামিনদার-সংক্রান্ত নথি জমা দিতে হবে।
এই ঋণের বার্ষিক সুদের হার ১১ শতাংশ এবং মেয়াদ সর্বোচ্চ তিন বছর। অন্যান্য ফি-চার্জ ব্যাংকের নীতিমালা অনুসারে নির্ধারিত হবে। আরও তথ্যের জন্য নিকটস্থ শাখা, হেল্পলাইন ১৬২৩৮ বা ওয়েবসাইট থেকে যোগাযোগ করতে বলা হয়েছে।






