রমজানের সেই আধ্যাত্মিক নিষ্ঠা ও সান্নিধ্যের ছোঁয়া মনে গভীর প্রশান্তি এনে দেয়। কিন্তু ঈদের উল্লাস কেটে যাওয়ার সঙ্গে সঙ্গেই এক উদ্বেগ জাগে—৩০ দিনের সেই সুসংহত ইবাদতের ছন্দ কি হারিয়ে যাবে? সারা বছর এই অভ্যাস বজায় রাখতে পারব কি?

অনেকেই রমজানের পর নিজের মধ্যে এক ধরনের শূন্যতা অনুভব করেন।

রমজানের নিজস্ব রুহানি পরিবেশই ইবাদতে অনুপ্রেরণা জোগায়। প্রাজ্ঞ মুমিনরা এই মাসকে এক ‘রিচার্জিং স্টেশন’ হিসেবে দেখেন, যার অর্জিত পুণ্যবল বাকি ১১ মাসের পথচলায় সঙ্গী হয়।

বলা হয়ে থাকে, সাহাবিরা রমজান আসার ছয় মাস আগে থেকে প্রস্তুতি নিতেন এবং রমজান চলে যাওয়ার পর পরবর্তী ছয় মাস সেই আমল কবুল হওয়ার জন্য প্রার্থনা করতেন।

সাহাবিরা রমজান আসার ছয় মাস আগে থেকে প্রস্তুতি নিতেন এবং রমজান চলে যাওয়ার পর পরবর্তী ছয় মাস সেই আমল কবুল হওয়ার জন্য প্রার্থনা করতেন। অর্থাৎ তাঁদের পুরো বছরটাই রমজানের আবহে কেটে যেত।

রমজানের ইমানের সজীবতা ধরে রাখার জন্য এখানে কয়েকটি কার্যকর উপায় তুলে ধরা হলো:

রমজানে মসজিদে যাওয়া, নেককার লোকের সঙ্গ এবং ধর্মীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ—এই পরিবেশ ইবাদতে প্রচুর সহায়তা দেয়। রমজান শেষ হলেও এই পরিবেশ থেকে দূরে সরা উচিত নয়। ভালো মানুষের সঙ্গ রক্ষা করা এবং ধর্মীয় পাঠচক্র বা সামাজিক কল্যাণকাজে যুক্ত থাকা ইমানকে জাগরূক রাখে।

মানুষের মন স্থির থাকে না। ইমানেরও ওঠানামা হয়। এটি মনস্তাত্ত্বিক বাস্তবতা। রমজানের উচ্চস্থানীয় ইবাদতের মাত্রা সারা বছর ঠিক রাখা সবার পক্ষে সহজ নয়।

শয়তান এই দুর্বলতার সুযোগ নিয়ে মনে হীনমন্যতা ঢোকায়, “তুমি রমজানের মতো ইবাদত করতে পারছ না, তার মানে তুমি ব্যর্থ।” এমন হতাশায় অনেকে ভালো কাজ ছেড়ে দেন। সামান্য ঘাটতি থাকলেও হাল ছাড়া যাবে না।

রমজান চলে গেলেও বছরজুড়ে ইবাদতের ছোট ছোট অনেক স্টেশন আসে। যেমন—শাওয়াল মাসের ছয় রোজা, জিলহজ মাসের প্রথম দশ দিন কিংবা আশুরার রোজা।

রমজানে যে আমলগুলোতে সবচেয়ে বেশি তৃপ্তি পেয়েছেন, তার তালিকা তৈরি করুন। হয়তো কোরআন তেলাওয়াত বা রাতের নির্জন তাহাজ্জুদ। সারা বছর এগুলো অল্প পরিমাণে হলেও নিয়মিত চালিয়ে যান।

আল্লাহর রাসুল (সা.) বলেছেন, “আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল তা-ই যা নিয়মিত করা হয়, যদিও তা পরিমাণে অল্প হয়।” (সহিহ বুখারি, হাদিস: ৬৪৬৫)

রমজানে আপনাকে উৎসাহিত করা বন্ধু বা আত্মীয়কে সঙ্গী বানান। পরস্পরের আমলের খবরাখবর নিয়ে উৎসাহিত করলে ইবাদতে স্থবিরতা আসে না। এই কল্যাণকামনা ইসলামের মহান শিক্ষা।

রমজান চলে গেলেও বছরজুড়ে ইবাদতের ছোট ছোট অনেক স্টেশন আসে। যেমন—শাওয়াল মাসের ছয় রোজা, জিলহজ মাসের প্রথম দশ দিন কিংবা আশুরার রোজা। এসময় ইবাদতের মাত্রা বাড়ালে আধ্যাত্মিক জীবন্ততা ফিরে আসে। আল্লাহ–তাআলা বলেন, “আর আল্লাহ হেদায়াতপ্রাপ্তদের হেদায়াত বাড়িয়ে দেন।” (সুরা মারইয়াম, আয়াত: ৭৬)

রমজানে দুহাতে দানের অভ্যাস গড়ে উঠে। এটি চালিয়ে যান। নিয়মিত দান ইমানকে মজবুত করে, মনের কালো দাগ মুছে দেয়। মহানবী (সা.) বলেছেন, “সদকা বা দান গুনাহকে নিভিয়ে দেয়, যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়।” (সুনানে তিরমিজি, হাদিস: ৬১৪)

রমজান আমাদের জীবনকে বদলে দেওয়ার একটি সুযোগ মাত্র। এই পরিবর্তনের সুফল তখনই পাওয়া যাবে, যখন আমরা রমজানের শিক্ষাগুলোকে অভ্যাসে পরিণত করব।

আপনার অর্জিত আধ্যাত্মিক প্রশান্তি অন্যের সঙ্গে ভাগ করে নিন। পরিবার-বন্ধুদের ভালো কাজের পরামর্শ দিয়ে নিজের উপর নৈতিক দায়বদ্ধতা তৈরি করুন। অন্যকে নসিহত করা ইমান বাড়ায়।

সবচেয়ে জরুরি আল্লাহর সাহায্য। ইবাদতের তৌফিক ও ইমানের অটলতার জন্য নিয়মিত দোয়া করুন। দোয়া মুমিনের মূল অস্ত্র। স্রষ্টার কাছে প্রার্থনা করুন যেন পুরো বছর রমজানের মতো পবিত্র হয়।

মহানবী (সা.) প্রায়ই এই দোয়া করতেন, “হে অন্তর পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার দীনের ওপর দৃঢ় রাখুন।” (সুনানে তিরমিজি, হাদিস: ২১৪০)

রমজান আমাদের জীবনকে বদলে দেওয়ার একটি সুযোগ মাত্র। এই পরিবর্তনের সুফল তখনই পাওয়া যাবে, যখন আমরা রমজানের শিক্ষাগুলোকে অভ্যাসে পরিণত করব।