কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বিষয়ভিত্তিক র্যাঙ্কিং ২০২৬–এ একাধিক বিষয়ে স্থান অর্জন করে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) দেশের উচ্চশিক্ষায় নিজেদের শক্তিশালী অবস্থান আরও মজবুত করেছে।
এই র্যাঙ্কিংয়ে ইকোনমিকস অ্যান্ড ইকোনমেট্রিকস বিষয়ে এনএসইউ বিশ্বে ৩০১–৩৫০ ব্যান্ডে স্থান পেয়েছে, যা বাংলাদেশের সর্বোচ্চ অবস্থান। বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট স্টাডিজে ৩৫১–৪০০ ব্যান্ডে এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে ৪০১–৪৫০ ব্যান্ডে স্থান লাভ করেছে এই বিশ্ববিদ্যালয়। উভয় ক্ষেত্রেই এটি দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে অবস্থান ধরে রেখেছে।
এছাড়া সোশ্যাল সায়েন্সেস অ্যান্ড ম্যানেজমেন্ট বিষয়ে ৪৫১–৫০০ ব্যান্ডে স্থান করে নিয়েছে এনএসইউ। ফলে এই শ্রেণিতে এটি বাংলাদেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১ নম্বরে রয়েছে।
অন্যদিকে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিষয়ে বিশ্ববিদ্যালয়টি ৫৫১–৬০০ ব্যান্ডে স্থান অর্জন করেছে। এতে এ ক্ষেত্রে এর দেশের অন্যতম শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবস্থান আরও সুসংহত হয়েছে।
ফলাফল নিয়ে এনএসইউ উপাচার্য আবদুল হান্নান চৌধুরী বলেন, ‘এই সাফল্য আমাদের শিক্ষক, শিক্ষার্থী, গবেষক ও প্রশাসনের সম্মিলিত নিষ্ঠা ও পরিশ্রমের প্রতিফলন। নর্থ সাউথ ইউনিভার্সিটি শিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিক মানোন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে, যাতে আমাদের শিক্ষার্থী ও শিক্ষকেরা বৈশ্বিক পরিসরে নিজেদের সক্ষমতা তুলে ধরতে পারেন।’
ভবিষ্যতে বৈশ্বিক র্যাঙ্কিংয়ে অবস্থান আরও শক্তিশালী করতে নর্থ সাউথ ইউনিভার্সিটি প্রতিশ্রুতিবদ্ধ।






