ইনস্টলেশনের সময় ত্রুটি শনাক্ত হওয়ায় মাইক্রোসফট উইন্ডোজ ১১–এর একটি প্রিভিউ আপডেটের বিতরণ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। ‘কেবি৫০৭৯৩৯১’ নামের এই নন সিকিউরিটি আপডেট ইনস্টল করার চেষ্টা করলে ব্যবহারকারীদের একাংশ সমস্যায় পড়ছিলেন।
গত বৃহস্পতিবার উইন্ডোজ ১১–এর ২৪এইচ২ ও ২৫এইচ২ সংস্করণের জন্য অপশনাল কিউমিলেটিভ আপডেট চালু করা হয়। এতে স্মার্ট অ্যাপ কন্ট্রোল, ডিসপ্লে সংক্রান্ত উন্নয়নসহ মোট ২৯টি পরিবর্তন অন্তর্ভুক্ত ছিল।
মাইক্রোসফটের তথ্য অনুসারে, আপডেট ইনস্টল করতে গিয়ে অনেক ব্যবহারকারী একটি বার্তা দেখতে পাচ্ছিলেন, যাতে লেখা ছিল ‘আপডেট করা কিছু ফাইল অনুপস্থিত অথবা ত্রুটিপূর্ণ’। সঙ্গে ‘০এক্স৮০০৭৩৭১২’ ত্রুটি কোডও দেখাচ্ছিল, যা ব্যবহারকারীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছিল। ফলে আপডেটের রোলআউট আপাতত বন্ধ করা হয়েছে।
এই সমস্যার সমাধান কবে দেওয়া হবে, তার কোনো নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে, আগামী ১৪ এপ্রিলের মাসিক ‘প্যাচ টিউসডে’ আপডেটের আগেই ত্রুটির সমাধান প্রকাশ করা হতে পারে। এতে ব্যবহারকারীরা নতুন ফিচার ও সংশোধনগুলো চূড়ান্ত উন্মোচনের আগে পরীক্ষা করার সুযোগ পাবেন।
আগে মার্চ ২০২৬ আপডেটের কারণে সৃষ্ট একটি বড় সমস্যা সমাধানে মাইক্রোসফট জরুরি আপডেট দিয়েছিল। সেই সমস্যায় টিমস, এজ ব্রাউজার, মাইক্রোসফট ৩৬৫ কোপাইলট, ওয়ানড্রাইভসহ একাধিক সেবায় মাইক্রোসফট অ্যাকাউন্টে সাইন ইন করতে ব্যবহারকারীরা সমস্যায় পড়ছিলেন।
সূত্র: ব্লিপিং কম্পিউটার






