আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোনের ক্রমবর্ধমান ব্যবহারের সঙ্গে তাল মিলিয়ে মার্কিন সেনাবাহিনী নতুন উদ্যোগ নিয়েছে। সামরিক সরঞ্জাম সংগ্রহের জটিল প্রক্রিয়াকে সহজ করতে পেন্টাগন ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের সঙ্গে যুক্ত হয়েছে। এই উদ্যোগে অ্যামাজনের ক্লাউড ইউনিট অ্যামাজন ওয়েব সার্ভিসেস এবং আর্মি এন্টারপ্রাইজ ক্লাউড ম্যানেজমেন্ট এজেন্সি মিলে মার্কিন সেনাবাহিনীর জন্য একটি অনলাইন মার্কেটপ্লেস তৈরি করছে। এই ডিজিটাল প্ল্যাটফর্মটি সৈন্যদের দ্রুত সর্বাধুনিক প্রযুক্তি সরবরাহের লক্ষ্যে তৈরি হয়েছে।

ইউএএস মার্কেটপ্লেসটি মার্কিন সেনার বিভিন্ন ইউনিট, সরকারি অংশীদার এবং মিত্রদেশগুলোকে এক পোর্টাল থেকে যাচাইকৃত ড্রোন সিস্টেম কেনার সুবিধা দেবে। অ্যামাজনের ওয়েবসাইটের মতো এখানে ড্রোন ডিভাইস তুলনা, সরাসরি অর্ডার এবং ব্যবহারের পর রেটিং দেওয়া যাবে। সেনাবাহিনী এটিকে প্রথাগত অস্ত্র সংগ্রহ পদ্ধতির তুলনায় বড় বিবর্তন বলে মনে করছে। তাদের মতে, এতে স্বচ্ছতা ও প্রতিযোগিতা বাড়বে, যা ক্ষুদ্র-মাঝারি প্রতিরক্ষা উদ্ভাবকদের সুযোগ দেবে এবং ড্রোনের সক্ষমতা বাড়াবে।

মার্কিন সেনাবাহিনীর সরঞ্জাম সংগ্রহ বিষয়ক প্রধান ব্রেন্ট ইনগ্রাম বলেন, ‘প্রতিরক্ষাশিল্পে প্রবেশের বাধা কমিয়ে ও বৃহত্তর উদ্ভাবকদের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে আমরা একটি আরও শক্তিশালী ও দ্রুত সাড়া দিতে সক্ষম প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তুলছি। আমাদের বাহিনীকে সুসজ্জিত করা ও শত্রুদের প্রতিহত করার জন্য এটি অপরিহার্য।’ অন্যদিকে সেনাবাহিনীর ইউএএস প্রকল্পের ব্যবস্থাপক কর্নেল ড্যানিয়েল মেদাগ্লিয়া বলেন, ‘প্রতিযোগিতা ও উদ্ভাবনকে উৎসাহিত করার মাধ্যমে আমরা নিশ্চিত করছি, সৈন্যরা তাঁদের মিশনের প্রয়োজনীয়তা মেটাতে সবচেয়ে উন্নত প্রযুক্তি ব্যবহার করতে পারছেন। এই কৌশলের মূল লক্ষ্য হলো, সঠিক সক্ষমতা, সঠিক স্কেলে ও দ্রুতগতিতে পৌঁছে দেওয়া।’

সাধারণত নতুন যুদ্ধ প্রযুক্তি অন্তর্ভুক্তে মার্কিন প্রতিরক্ষা বিভাগকে আমলাতন্ত্রের বহু স্তর পার করতে হয় এবং কংগ্রেসের বাজেটে রাজনৈতিক প্রভাব পড়ে। অ্যামাজন-চালিত এই মার্কেটপ্লেস পুরোনো আমলাতান্ত্রিক বাধা কাটিয়ে দ্রুত সিদ্ধান্তের পথ সুগম করবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া