শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি নিয়ে সচেতনতা বাড়াতে এবং দক্ষতা উন্নয়নের জন্য বাংলাদেশ ওপেনসোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) তৃতীয়বারের মতো বাংলাদেশ এআই অলিম্পিয়াড (বিডিএআইও) আয়োজন করছে। ‘৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াড (বিডিএআইও)’ প্রতিযোগিতার নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। এই প্রতিযোগিতায় বিজয়ীরা আগস্টে কাজাখস্তানের রাজধানী আস্তানায় অনুষ্ঠিত ৩য় আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডের (আইওএআই) চূড়ান্ত পর্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। এছাড়া জুনে এশিয়া প্যাসিফিক এআই অলিম্পিয়াডেও তারা অংশ নেওয়ার সুযোগ পাবে। আজ মঙ্গলবার এক সংবাদবিজ্ঞপ্তিতে বিডিওএসএন এ তথ্য জানিয়েছে।
সংবাদবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩য় বিডিএআইও দুটি বিভাগে অনুষ্ঠিত হবে। ‘এআই চ্যালেঞ্জ’ বিভাগে ষষ্ঠ থেকে এইচএসসি সমমানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। তাদের পাইথন, মেশিন লার্নিং, নিউরাল নেটওয়ার্কসসহ এআই বিষয়ক বিভিন্ন সমস্যার সমাধান করতে হবে। অন্যদিকে ‘এআই কুইজ’ বিভাগে ষষ্ঠ থেকে এইচএসসি সমমানের শিক্ষার্থীদের এআই সম্পর্কিত সাধারণ জ্ঞান এবং গণিত ও যুক্তিভিত্তিক দক্ষতা যাচাই করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক ও পরিচালক এবং বাংলাদেশ এআই অলিম্পিয়াড দলের দলনেতা বি এম মইনুল হোসেন বলেন, “প্রযুক্তিনির্ভর যে ভবিষ্যত পৃথিবীর কথা বলা হচ্ছে, সেখানে গুরুত্বপূর্ণ অবস্থান থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তার। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সমস্যা সমাধান ও বাস্তব দক্ষতা বৃদ্ধির জন্য এআই অলিম্পিয়াড হতে পারে কার্যকর এক মাধ্যম।”
আয়োজকদের জানানো মতে, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনায় পর্যায়ক্রমে আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে। এরপর আঞ্চলিক পর্বের বিজয়ীদের নিয়ে ঢাকায় জাতীয় পর্ব সংঘটিত হবে। প্রতিযোগিতার বিস্তারিত তথ্য জানা যাবে ঠিকানায়। আগ্রহী শিক্ষার্থীরা লিংকে গিয়ে সরাসরি নিবন্ধন করতে পারবে।
এবারের অনুষ্ঠানের প্লাটিনাম স্পনসর ও হোস্ট হিসেবে রয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজিনেস অ্যান্ড টেকনলজি (বিইউবিটি)। পাওয়ার্ড বাই হিসেবে যুক্ত রিভ চ্যাট। গোল্ড স্পনসর হিসেবে রয়েছে ব্রেন স্টেশন ২৩ এবং নলেজ পার্টনার হিসেবে সহযোগিতা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউট।






