ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতায় ২০২৪ সালের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ শুরু হবে আগামী ১২ এপ্রিল থেকে। এ কার্যক্রম চলবে ২২ এপ্রিল পর্যন্ত। বিভিন্ন জেলায় নির্দিষ্ট তারিখে কার্ডগুলো বিতরণ করা হবে। কার্ডে কোনো ভুলত্রুটি থাকলে ২৮ এপ্রিলের মধ্যে সংশোধনের আবেদন করতে হবে।
গতকাল সোমবার (৩০ মার্চ ২০২৬) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এটি বোর্ডের আওতাধীন অনুমোদিত সব শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকের জ্ঞাতার্থে প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা শিক্ষা বোর্ডের অনুমোদিত সব শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৪ সালের ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড ১২ এপ্রিল থেকে ২২ এপ্রিলের মধ্যে বিতরণ করা হবে। এই কার্ডগুলো বিদ্যালয় শাখা থেকে নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকা মহানগরীর ১২ এপ্রিল, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের ১৩ এপ্রিল, নরসিংদী ও কিশোরগঞ্জের ১৫ এপ্রিল, ঢাকা জেলা ও মাদারীপুরের ১৬ এপ্রিল, শরীয়তপুর ও রাজবাড়ীর ১৯ এপ্রিল, গাজীপুর ও ফরিদপুরের ২০ এপ্রিল, টাঙ্গাইল জেলার ২১ এপ্রিল এবং মানিকগঞ্জ ও গোপালগঞ্জ জেলার ২২ এপ্রিল কার্ড বিতরণ করা হবে।
এছাড়া, রেজিস্ট্রেশন কার্ডে কোনো ধরনের ভুলত্রুটি থাকলে ২৮ এপ্রিলের মধ্যে বোর্ডের নির্ধারিত ফরমে সংশোধনের আবেদন করতে হবে। এই তারিখের মধ্যে সংশোধন না করলে দায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধান বহন করবেন। আবেদনের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রথম স্বীকৃতি বা সর্বশেষ স্বীকৃতি নবায়নের পত্র এবং কমিটি অনুমোদনপত্র দাখিল করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে কার্ড সংগ্রহ না করলে শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যেসব সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে স্বীকৃতি নবায়ন নেই, সেগুলোর স্বীকৃতি নবায়ন করতে হবে।






