সাধারণত ‘ফুলের তোড়া’ বলতে মনে পড়ে ছোট্ট সুন্দর একটা উপহার। কিন্তু ভারতের আহমেদাবাদ শহরের কর্তৃপক্ষ এ ধারণা পুরোপুরি বদলে দিয়েছে। তারা তৈরি করেছে এক বিশালাকার ফুলের তোড়া, যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে।

২০২৫ সালের জানুয়ারি মাসে আহমেদাবাদ মিউনিসিপ্যাল করপোরেশন (এএমসি) ১১ হাজার ৭০০টি তাজা চন্দ্রমল্লিকা ফুল ব্যবহার করে এই তোড়া তৈরি করে। ওই বছরের ৩ জানুয়ারি ফুল প্রদর্শনী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এটি প্রদর্শিত হয়। তোড়াটির উচ্চতা প্রায় ১০ দশমিক ২৪ মিটার এবং প্রস্থ ১০ দশমিক ৮৪ মিটার।

আহমেদাবাদ আন্তর্জাতিক ফুল প্রদর্শনীর অংশ হিসেবে এই তোড়া দর্শনার্থীদের মুহূর্তেই আকৃষ্ট করে। ২০২৫ সালের ৭ জানুয়ারি এটি বিশ্বের সবচেয়ে বড় তোড়া হিসেবে গিনেস ওয়ার্ল্ডস রেকর্ডসের স্বীকৃতি পায়। তোড়াটি এখন পর্যন্ত সে রেকর্ড ধরে রেখেছে।

১৯৫০ সালে প্রতিষ্ঠিত এএমসি ২০১৩ সাল থেকে সবরমতী রিভারফ্রন্টে এই ফুল উৎসব আয়োজন করে আসছে। প্রতি বছর জানুয়ারির শুরুতে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এখানে বিশাল ভাস্কর্যসহ স্থাপত্যগুলো নানা রঙের ফুল দিয়ে নকশা করা হয়। ফুলপ্রেমীদের কাছে এটি যেন পৃথিবীর একটুকরো স্বর্গ। প্রদর্শনীতে নানা রঙ, গন্ধ ও ফুলের বৈচিত্র্যের মাধ্যমে ভারতের সংস্কৃতি, পুরাণ ও উন্নয়নের গল্প তুলে ধরা হয়।

গত বছর তৈরি এই বিশাল ফুলের তোড়ার নাম ‘ইউনিটি ব্লসম’। এটি ফুল প্রদর্শনীর জন্য একটি বড় মাইলফলক হয়ে ওঠে।