চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের পরীক্ষার সময়সূচিতে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান ছাপা পড়ায় বিতর্ক শুরু হয়েছে। সূচিপত্রে বিভাগের সভাপতি অধ্যাপক রকিবা নবীর স্বাক্ষরও ছিল।
বিভাগের সূত্র জানায়, গতকাল রোববার এই সময়সূচি প্রকাশ করা হয়। কিছুক্ষণ পর স্লোগানের বিষয়টি লক্ষ করা যায় এবং তা বাতিল করে স্লোগানহীন নতুন সূচি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়। আজ সোমবার ঘটনাটি প্রকাশ পেতেই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ছড়িয়ে পড়ে।
সময়সূচিটি দেখলে বোঝা যায়, দ্বিতীয় বর্ষের পরীক্ষার রুটিনের উপরের মাঝখানে বিশ্ববিদ্যালয়ের লোগোর নিচে স্লোগানটি ছাপা ছিল। এতে জানানো হয়েছে, পরীক্ষা শুরু হবে আগামী ২০ এপ্রিল থেকে। প্রকাশের তারিখ উল্লেখ করা হয়েছে ‘২৯ মার্চ ২০২৫’ হিসেবে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষার্থী বলেন, প্রথমে স্লোগানযুক্ত সূচি দেওয়া হলেও পরে নতুনটি সরবরাহ করা হয়। তিনি বলেন, ‘এ ধরনের স্লোগান থাকা আমরা নেতিবাচকভাবে দেখছি। তবে এ কারণে পরীক্ষার কোনো বিঘ্ন ঘটুক, সেটিও আমরা চাই না।’
বিষয়টি জানতে চাইলে বিভাগের সভাপতি অধ্যাপক রকিবা নবী বলেন, ‘স্লোগানসংবলিত প্যাডটি আগে থেকেই বাতিল করা হয়েছিল। ঈদের ছুটির পর ব্যস্ততার মধ্যে অফিস থেকে দ্রুত প্রিন্ট করা কাগজে আমি ভালোভাবে না দেখে সই করি। পরে শিক্ষার্থীদের মাধ্যমে বিষয়টি জানার পর সঙ্গে সঙ্গে সেটি বাতিল করে নতুন প্যাডে রুটিন (সূচি) প্রকাশ করা হয়।’
এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, স্লোগানসংবলিত প্যাড ব্যবহার না করার বিষয়ে প্রশাসনের নির্দেশনা রয়েছে। তবে মিতব্যয়িতার কথা বিবেচনায় নিয়ে কালি দিয়ে মুছে ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছিল। কেউ যদি স্লোগানসংবলিত প্যাড ব্যবহার করে থাকে, অভিযোগ পেলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে ভুলবশত হয়ে থাকলে সেটিও বিবেচনায় নেওয়া হবে।






