কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কনটেন্ট নিজেদের ওয়েবসাইটে নিষিদ্ধ করেছে বিশ্বের বৃহত্তম অনলাইন তথ্যভান্ডার উইকিপিডিয়া। এআই প্রযুক্তি এখন ব্লগ পোস্ট, প্রবন্ধ, ই-মেইল, গবেষণাপত্র এবং পত্রিকার কলাম লেখায় ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। অনেক এআই মডেল মানুষের মতো সাবলীলভাবে লিখতে পারলেও তথ্যের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে।
নতুন নিষেধাজ্ঞার আওতায় বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা উইকিপিডিয়ার প্রায় ২ লাখ ৬০ হাজার স্বেচ্ছাসেবক সম্পাদক এআই'র মাধ্যমে এক ভাষায় লেখা নিবন্ধ অন্য ভাষায় অনুবাদ করতে বা সম্পাদনার পরামর্শ নিতে পারবেন। তবে সেগুলো অবশ্যই মানুষের মাধ্যমে পর্যালোচনার পর প্রকাশের অনুমোদন পাবে।
উইকিপিডিয়ার তথ্যমতে, এআই চ্যাটবটগুলো তথাকথিত ‘বিভ্রম’-এর শিকার হয়ে মনগড়া তথ্য, অকার্যকর লিংক ও রেফারেন্স প্রদান করতে পারে। ফলে এআই'র সহায়তায় লেখাগুলো প্রায়ই সাইটটির মূল নীতিগুলো লঙ্ঘন করে, যার মধ্যে যাচাইযোগ্যতা ও নিরপেক্ষতার কঠোর মানদণ্ডও রয়েছে।
গত ২৫ বছর ধরে উইকিপিডিয়া মানুষের তৈরি নির্ভরযোগ্য তথ্য বিশ্বজুড়ে সবার কাছে বিনামূল্যে পৌঁছে দিচ্ছে। এই গ্রহণযোগ্যতা ধরে রাখতে চ্যাটজিপিটির মতো এআই চ্যাটবটের ব্যবহার নিবন্ধ লেখায় আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করেছে।
সূত্র: নিউইয়র্ক পোস্ট






