চীনের শানসিতে একটি রোবট দর্শকদের সামনে ঘুরে ঘুরে নাচছিল। গোল হয়ে দাঁড়ানো দর্শকেরা আনন্দে হাসাহাসি করছিলেন, হাততালি দিচ্ছিলেন। কেউ কেউ মোবাইলে ছবি ও ভিডিও তুলছিলেন। সারিতে বড়রা ও শিশুরা মিলেমিশে ছিলেন।
হঠাৎ নাচতে নাচতে রোবটটি দর্শকদের খুব কাছে চলে আসে। কেউ কিছু বোঝার আগেই এক শিশুর গালে চড় মারার মতো করে এর হাত লেগে যায়।
পরিচালকরা তাড়াতাড়ি রোবটটিকে সরিয়ে নেন। যে শিশুটির মুখে আঘাত লাগে, সে খুব বেশি আঘাত পায়নি বলে মনে হয়। ভিডিওতে দেখা যায়, সে মুখে হাত দিয়ে হাসছে। আশপাশের দর্শকেরাও ঘটনায় হেসে ওঠেন।
এ ঘটনা ঘটে ২১ মার্চ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ইউনিট্রি জি১ মডেলের রোবটটি হাত-পা ছুড়ে ব্যালে নাচের মতো ভঙ্গিতে নাচছে। চড় মারার পরও রোবটটির নাচ থামেনি, দর্শকেরা তা উপভোগ করছিলেন।
চীনের প্রযুক্তি কোম্পানি ইউনিট্রি রোবোটিকস এই জি১ রোবট তৈরি করেছে বলে জানা যায়। এর ওজন প্রায় ৩৫ কেজি, দাম সাড়ে ১৩ হাজার ডলার। গবেষণা, শিক্ষা ও বাণিজ্যিক কাজে এ ধরনের রোবট নকশা করা হয়। এটি নিজের জয়েন্ট ২৩ ডিগ্রি পর্যন্ত ঘুরিয়ে নড়াচড়া করতে পারে।
ভিডিও অনলাইনে পোস্ট হওয়ার পর অনেকে নানা মন্তব্য করেন। একজন লিখেছেন, "কী বিপজ্জনক পারফরম্যান্স!" আরেকজন বলেছেন, "শিশুটি বুঝতে পেরেছিল যে সেটি (রোবটটি) আসছে, কিন্তু সরে যেতে পারেনি।" তৃতীয় একজন মন্তব্য করেন, "ধাতব বস্তুর আঘাত সত্যিই বেদনাদায়ক।" কেউ কেউ জননিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।






