আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নিউজিল্যান্ড এখন একটি জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে। এখানে পড়াশোনার সময় শিক্ষার্থীরা সপ্তাহে সর্বোচ্চ ২৫ ঘণ্টা কাজ করতে পারেন। তবে মধ্যবর্ষের ছুটি বা বড়দিন ও নববর্ষের ছুটির সময় তারা পূর্ণকালীন কাজের সুযোগ পান। নির্দিষ্ট শর্ত পূরণ করলে দেশটিতে অধ্যয়নরত আন্তর্জাতিক শিক্ষার্থীরা স্বামী/স্ত্রী ও সন্তানদের সঙ্গে নিতে পারবেন। দেশটির ইমিগ্রেশন নীতিমালা অনুযায়ী, শিক্ষার্থী ভিসাধারীরা তাঁদের পরিবারের জন্য বিভিন্ন ধরনের ভিসা স্পনসর করতে পারেন।
ভিজিটর ভিসা কী— ইমিগ্রেশন নিউজিল্যান্ডের নির্দেশনা অনুসারে, শিক্ষার্থীরা তাঁদের সঙ্গী ও সন্তানের জন্য ভিজিটর ভিসা স্পনসর করতে পারবেন। এর মধ্যে রয়েছে ‘পার্টনার অব আ স্টুডেন্ট ভিজিটর ভিসা’ এবং ‘চাইল্ড অব আ স্টুডেন্ট ভিজিটর ভিসা’। তবে সব ক্ষেত্রেই কাজ বা পড়াশোনার সুযোগ পাওয়া যাবে না, এটি শিক্ষার্থীর কোর্সের ধরন ও যোগ্যতার ওপর নির্ভর করবে।
কাজ ও পড়াশোনার সুযোগ: কারা পাবেন— উচ্চতর পর্যায়ের কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীরা তাঁদের সঙ্গীর জন্য ওয়ার্ক ভিসা স্পনসর করতে পারেন। এই সুবিধা পাবেন যেসব শিক্ষার্থী—
- লেভেল ৯ বা ১০ (মাস্টার্স বা পিএইচডি) কোর্সে অধ্যয়ন করছেন
- লেভেল ৭ বা ৮ কোর্সে আছেন, যা দেশটির ‘গ্রিন লিস্ট’ভুক্ত পেশার সঙ্গে সংশ্লিষ্ট
- যেসব কোর্স শেষ করে পোস্টস্টাডি ওয়ার্ক ভিসা পাওয়া যায়
- ২০২২ সালের ৭ সেপ্টেম্বরের আগে শুরু হওয়া কিছু স্কিল শর্টেজ তালিকাভুক্ত কোর্সে অধ্যয়নরত
বিশেষ করে পিএইচডি শিক্ষার্থীরা তাঁদের সঙ্গীর জন্য ওয়ার্ক ভিসা এবং সন্তানের জন্য স্টুডেন্ট ভিসা—দুটিই স্পনসর করতে পারেন।
সন্তানের ক্ষেত্রে নিয়ম কী সন্তানের জন্য স্টুডেন্ট ভিসা স্পনসর করার সুযোগ সীমিত। এ সুবিধা পাওয়া যাবে যদি শিক্ষার্থী—
- পিএইচডি প্রোগ্রামে থাকেন
- অনুমোদিত এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নেন
- সরকারের অর্থায়নে পরিচালিত স্কলারশিপে অধ্যয়ন করেন, যা Ministry of Foreign Affairs and Trade দ্বারা পরিচালিত
যদি শিক্ষার্থী সরাসরি সন্তানের স্টুডেন্ট ভিসা স্পনসর করতে না পারেন, তবে তাঁর সঙ্গী ওয়ার্ক ভিসা পাওয়ার পর সেই দায়িত্ব নিতে পারবেন।
অভিভাবকদের জন্য সুযোগ কেমন— যেসব শিশু নিউজিল্যান্ডে পড়াশোনা করছে, তাদের দেখাশোনার জন্য বাবা-মা ‘গার্ডিয়ান ভিজিটর ভিসা’ নিয়ে সেখানে থাকতে পারেন।
গুরুত্বপূর্ণ শর্ত কী কী— সব ধরনের ভিসার ক্ষেত্রে আবেদনকারীদের অবশ্যই সম্পর্কের প্রমাণ (যেমন বৈবাহিক সম্পর্ক বা সন্তানের নির্ভরশীলতা) উপস্থাপন করতে হবে এবং নির্ধারিত ভিসা শর্ত পূরণ করতে হবে। সামগ্রিকভাবে, নিউজিল্যান্ড আন্তর্জাতিক শিক্ষার্থীদের পরিবারসহ থাকার সুযোগ দিলেও নির্ভরশীলদের কাজ ও পড়াশোনার অধিকার নির্ভর করে শিক্ষার্থীর কোর্স ও যোগ্যতার ওপর।






