গত সপ্তাহে ইতালি থেকে পোল্যান্ডে নেওয়ার পথে ৪ লাখ ১৩ হাজার ৭৯৩টি কিটক্যাট চকলেট বারবাহী একটি কার্গো যান নিখোঁজ হয়েছে। এতে ছিল প্রায় ১২ টন চকলেট। সুইজারল্যান্ডভিত্তিক খাদ্যপণ্য প্রতিষ্ঠান নেসলে গত শুক্রবার একটি বিবৃতিতে এ তথ্য প্রকাশ করেছে। পণ্যবোঝাই যানটির এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি। চকলেট ও ওয়াফেল দিয়ে তৈরি এই জনপ্রিয় চকলেটের চালানটি উৎপাদনস্থল থেকে ইউরোপের বিভিন্ন বাজারে সরবরাহের জন্য পাঠানো হয়েছিল।

নেসলে জানিয়েছে, চুরি যাওয়া এই চকলেটগুলো ইউরোপের বিভিন্ন দেশের অসাধু বাজার বা অনানুষ্ঠানিক উপায়ে বিক্রি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে প্রতিটি চকলেটে থাকা বিশেষ ‘ব্যাচ কোড’ ব্যবহার করে এগুলো শনাক্ত করা সম্ভব। নেসলের বিবৃতিতে রসিকতা করে বলা হয়েছে, ‘আমরা অপরাধীদের চমৎকার রুচির প্রশংসা করছি। তবে বাস্তবতা হলো, সব ধরনের ব্যবসার জন্যই কার্গো বা পণ্যবাহী যান চুরি হওয়া এখন একটি ক্রমবর্ধমান সমস্যা।’