ইউটিউব এখন বিনোদনের একটি প্রধান উৎস। এখানে নিয়মিত পছন্দের ভিডিও দেখেন ইন্টারনেট ব্যবহারকারীরা এবং ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করে অনুভূতি প্রকাশ করেন। লাইক সংখ্যা ভিডিওর জনপ্রিয়তা বিচারের ভিত্তি এবং অন্যদের দেখার উৎসাহ জোগায়। কিন্তু সম্প্রতি রেডিটে বেশ কয়েকজন ব্যবহারকারী অভিযোগ করেছেন, ইউটিউব ভিডিওতে লাইকের সংখ্যা রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে গেছে।
অনেকে জানিয়েছেন, লাইক বাটন পুরোপুরি উধাও হয়ে গেছে। ফলে এটি ইচ্ছাকৃত পরিবর্তন নাকি ত্রুটি, তা নির্ধারণ করা কঠিন। তবে এক্সে (সাবেক টুইটার) একজন জানিয়েছেন, লাইকগুলো পুরোপুরি উধাও না হয়ে চ্যানেলের নাম এবং ভিউ কাউন্টারের মাঝে দেখা যাচ্ছে।
ভিডিওর লাইক সংখ্যা রহস্যজনকভাবে অদৃশ্য হওয়ার বিষয়ে ইউটিউব কর্তৃপক্ষ কোনো তথ্য জানায়নি। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, নতুন নকশা চালুর জন্য নির্দিষ্ট ব্যবহারকারীদের ওপর পরীক্ষায় লাইক সংখ্যা দেখা যাচ্ছে না।
প্রসঙ্গত, ২০২৪ সালের অক্টোবরেও অনেক ব্যবহারকারী অভিযোগ করেছিলেন, ইউটিউবে ভিডিওর দর্শকসংখ্যা দেখা যাচ্ছে না। তখন ইউটিউব এক বিবৃতিতে জানিয়েছিল, ব্রাউজার এক্সটেনশনের সীমাবদ্ধতার কারণে ইউটিউবের প্রকৃত লেআউট দেখা না–ও যেতে পারে। অর্থাৎ ব্রাউজার এক্সটেনশন ব্যবহার না করলে ইউটিউবের সাধারণ লেআউটই দেখা যাবে।
সূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ






